শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ তদন্তের পক্ষে অবস্থান নেবে ভারত
ভারতে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে সিদ্ধান্ত নিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে (ইউএনএইচআরসি) জোরালো চাপ দেবে। একই সঙ্গে সরকার বলেছে, শরিক দলগুলো বেরিয়ে গেলেও চলমান অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া ব্যাহত হবে না।ইউপিএর দ্বিতীয় শীর্ষ শরিক দল ডিএমকে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর সরকার গতকাল বুধবার এসব কথা বলে ঘোষণা দিল। শ্রীলঙ্কায় তামিলদের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে সরকার কোনো নিন্দা প্রস্তাব না আনায় সমর্থন প্রত্যাহার করা হয়েছে বলে গত মঙ্গলবার জানান দলটির প্রধান এম করুণানিধি।অর্থমন্ত্রী পি চিদাম্বরম গতকাল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ কর্মকাণ্ডের অভিযোগ তদন্তের লক্ষ্যে ইউএনএইচআরসিকে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ভারত চাপ দেবে। শ্রীলঙ্কায় সংঘটিত ঘটনাবলির তদন্ত শুরুর ব্যাপারে ইউএনএইচআরসিকে শক্তিশালী সিদ্ধান্ত নিতে হবে। ভারত সব সময়ই এ প্রস্তাবের পক্ষে রয়েছে।শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দশকব্যাপী গৃহযুদ্ধের শেষ পর্যায়ে ২০০৯ সালে সরকারি বাহিনীর অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ কলম্বো বরাবরই অস্বীকার করে আসছে। অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ঘোষণা দেন। ওই লড়াইয়ের শেষ পর্যায়ে ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে।ভারতের তামিলনাড়ুতে কয়েক লাখ তামিল নাগরিক বসবাস করে। তারা প্রতিবেশী দেশে স্বজাতি নিপীড়নের ঘটনায় নয়াদিল্লির অবস্থানে ক্ষুব্ধ হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএমকের দূরত্ব তৈরি হয়।চিদাম্বরম সংবাদ সম্মেলনে বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কারের উদ্যোগগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। আশা করা যায়, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সরকারের সমর্থনে এগিয়ে আসবে।তামিলনাড়ু রাজ্যে ৫২৫ কলেজ বন্ধ: রাজ্য সরকারের নির্দেশে তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫২৫টি প্রকৌশল মহাবিদ্যালয় (কলেজ) বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় ‘তামিলদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের’ প্রতিবাদে রাজ্যের শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে সরকার এ সিদ্ধান্ত নেয়। এতে ছাত্রদের অনেকে খুশি হয়েছেন। কারণ, তাঁরা এখন বিক্ষোভ-আন্দোলনে পূর্ণ অংশগ্রহণ করতে পারবেন।তামিল ইস্যুতে ডিএমকে নেতা করুণানিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা নয়াদিল্লির সঙ্গে কথা বলেছেন। শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাজ্যের চলচ্চিত্রশিল্পীরা এক দিন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবার রাজ্যজুড়ে এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।