শ্রীলঙ্কায় রাজাপক্ষের পুনর্নির্বাচন চ্যালেঞ্জ করলেন ফনসেকা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পুনর্নির্বাচনকে চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ও সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকা। তাঁর আইনজীবীরা এ কথা জানান।শরত্ ফনসেকার আইনজীবী বিজয়দাশ রাজাপক্ষে অভিযোগ করেন, ভোট জালিয়াতি, নির্বাচনী অপকর্ম এবং এক কোটি ১৪ লাখ ভোটারের ওপর অন্যায্য প্রভাব বিস্তারের মাধ্যমে ফনসেকার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।বিজয়দাশ বলেন, ঘুষ, দুর্নীতি, অন্যায্য প্রভাব বিস্তার ও নির্বাচনে ভোট জালিয়াতি-সম্পর্কিত ৪০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। গত ২৬ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকা পেয়েছেন ৪০ দশমিক ১৫ শতাংশ ভোট। অন্যদিকে বিজয়ী প্রার্থী প্রেসিডেন্ট রাজাপক্ষে ভোট পান ৫৭ দশমিক ৪৪ শতাংশ। অনেকেরই ধারণা ছিল, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নির্বাচনের দুই সপ্তাহ পর পরাজিত প্রার্থী ফনসেকাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বর্তমানে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী ও প্রেসিডেন্টের ছোট ভাই গোটাভায়া রাজাপক্ষে বলেন, ফনসেকা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিলেন। তবে তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন।ফনসেকার গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা বিক্ষোভ করেন। বিভিন্ন দেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। ফনসেকাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। ফনসেকার মুক্তির দাবিতে কাল বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রভাবশালী বৌদ্ধ নেতারা।তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয়ের অন্যতম রূপকার ছিলেন সেনাপ্রধান শরত্ ফনসেকা। যুদ্ধক্ষেত্রের দুই বন্ধু প্রেসিডেন্ট রাজাপক্ষে ও সেনাপ্রধান ফনসেকার মধ্যে বিরোধ দেখা দিতে খুব বেশি সময় লাগেনি। বিরোধের জের ধরে একপর্যায়ে ফনসেকা সেনা প্রধানের পদ থেকে সরে দাঁড়ান।ফনসেকার গ্রেপ্তারের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। তবে তিনি জোর দিয়ে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এএফপি।