শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় গতকাল মঙ্গলবার অভূতপূর্ব সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে বিরোধীদলীয় নেতা-কর্মী, মানবাধিকারকর্মী, শ্রমিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কলম্বোয় গত সোমবার এই বিক্ষোভ হয়। প্রথমে পৃথকভাবে এসব বিক্ষোভ হয়। পরে বিক্ষোভকারীরা ঐক্যবদ্ধ হয়।
বিক্ষোভকারীরা মাহিন্দা রাজাপক্ষের সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে স্লোগান দেয়।
বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা দাবি করেন, দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে।
বিক্ষোভ থেকে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের ওপর হামলারও প্রতিবাদ জানানো হয়।
সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারের এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কা একটি গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেক নাগরিকের বিক্ষোভ ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে।
পার্লামেন্টে রাজাপক্ষের সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে ওই যুদ্ধে সরকারি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে।