শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে তামিল বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের গৃহযুদ্ধের শেষ দিকে প্রায় আট হাজার লোক নিহত হয়। এ সময় তামিল বিদ্রোহীদের দমনে সরকারি বাহিনী চূড়ান্ত অভিযান চালায়। গতকাল শনিবার দেশটির আদমশুমারি বিভাগ এক প্রতিবেদনে এ কথা জানায়।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এর আগে যে পরিসংখ্যান দিয়েছে, তার সঙ্গে এ প্রতিবেদনের কোনো মিল নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী, শ্রীলঙ্কার সরকারি বাহিনীর সঙ্গে তামিল বিদ্রোহীদের গৃহযুদ্ধের শেষ মাসগুলোয় ৪০ হাজারের মতো বেসামরিক লোক প্রাণ হারায়। এ জন্য মানবাধিকার সংস্থাগুলো শ্রীলঙ্কা সরকারের তীব্র সমালোচনা করে।আদমশুমারি বিভাগের ৮০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে যখন সরকারি বাহিনী ও লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে, তখন সেখানে ১১ হাজার ১৭২ জন লোকের মৃত্যু হয়। এদের মধ্যে দুই হাজার ৫২৩ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ‘অস্বাভাবিক পরিস্থিতিতে’ সাত হাজার ৯৩৪ জনের মৃত্যু ঘটেছে। কিন্তু এর জন্য কারা দায়ী বা নিহত এই ব্যক্তিদের মধ্যে তামিল যোদ্ধারা ছিল কি না, সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি। বাকি ৭১৫ জনের মৃত্যুর কারণও উল্লেখ করা হয়নি। পিটিআই অনলাইন।