ষাটোর্ধ্ব বয়সীদের এক গ্রাম
এটি একটি গ্রাম বটে, তবে তা বিরান হওয়ার উপক্রম। সেখানে এখন মাত্র ১৫ জন বাসিন্দা রয়েছে। এর মধ্যে যার বয়স সবচেয়ে কম, তিনি ৬৫ বছরের এক বৃদ্ধ। এই বৃদ্ধ বাসিন্দারা চিরবিদায় নিলে গ্রামটি একেবারে জনশূন্য হয়ে পড়বে। এ কারণে গ্রামে বসতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণেরা যাতে সেখানে গিয়ে থাকে, এ জন্য পানির দরে জমি ছেড়ে দিতে তৈরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে ১০০ মাইল পুবে সেই গ্রাম। নাম ওলমেদা দি লা কুয়েস্তা। কাস্তিলা লা মাঞ্চা নামের এক অনুর্বর এলাকায় ওই গ্রাম। আরতুরো রিগাচো মাতিও (৮২) নামের এক বাসিন্দা বলেন, ‘আমার তরুণ বয়সে গ্রামটি ছিল অন্য রকম। ১৯৪০ সালে এখানে ৫০০ লোক বাস করত। কাজের খোঁজে গ্রাম ছাড়তে শুরু করে লোকজন। যারা গেছে, তারা আর ফিরে আসেনি। রয়ে গেছে কেবল বৃদ্ধরা।’ ১৯৭৩ সালে গ্রামের বিদ্যালয়টি শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যায়। এ মাসের শুরুতে স্পেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর যখন তাদের প্রতিবেদনে ওই গ্রামের লোকজনের গড় বয়স সবচেয়ে বেশি বলে উল্লেখ করে, তখন গ্রামটি আলোচনায় আসে। স্থানীয় মেয়র তখন গ্রামের লোকসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেন। কম দামে জমি বিক্রির কথা ঘোষণা করেন। এই ঘোষণা অনুযায়ী ব্রিটিশ মুদ্রায় মাত্র এক হাজার ৭০০ পাউন্ড দিয়েই একজন কিনতে পারবে বিশাল এক খণ্ড জমি। টেলিগ্রাফ অনলাইন।