স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ
পিপিপির প্রত্যাখ্যান
পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি সরকারের নতুন একটি অধ্যাদেশকে প্রত্যাখ্যান করেছে। ওই অধ্যাদেশে সন্ত্রাসবাদ দমনে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। দলটি একে নাগরিকের মৌলিক অধিকারের ওপর হামলা বলে আখ্যায়িত করেছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেটে পিপিপির নেতা রাজা রব্বানি বলেন, ‘বর্তমান রূপে অধ্যাদেশটি গ্রহণযোগ্য নয়।’ তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে এটি চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছা পিপিপির নেই। সরকার বিল হিসেবে পার্লামেন্টে তুললে তাঁরা এর বিরোধিতা করবেন। ডন।
অব্যাহতি
প্রায় ৪০ বছর আগের একটি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মার্কিন রাজনীতিক রবার্ট কেনেডির ভাইপো মাইকেল স্কাকেল। তিনি ১৯৭৫ সালে কানেটিকাটে এক কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় ২০০২ সালে দোষী সাব্যস্ত হন। এরপর তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু গত বুধবার মার্কিন একটি আদালত তাঁকে ওই মামলা থেকে অব্যাহতি দেন। কানেটিকাট স্টেট আদালতের বিচারক টমাস বিশপ জানান, স্কাকেলের আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেলের আগের আইনজীবী আদালতে যথাযথভাবে যুক্তি উপস্থাপন করতে পারেননি। বর্তমান আইনজীবী আদালতে যেসব যুক্তি তুলে ধরেছেন, আদালতে তা গৃহীত হয়েছে। এএফপি।
সৌদি হুঁশিয়ারি
সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন দমনে তৎপর হয়েছে দেশটির সরকার। গত বুধবার সতর্ক করে দিয়ে সরকার বলেছে, ওই নিষেধাজ্ঞা বাতিলের জন্য প্রতিবাদ করলে তা থামাতে শক্তি প্রয়োগ করা হবে।
চলতি মাসে বেশ কয়েকজন সৌদি নারী অধিকারকর্মী নিষেধাজ্ঞা ভঙ্গ করে গাড়ি চালান। তাঁরা এর ছবি ও ভিডিও অনলাইনে পোস্টও করেছেন। এর আগে সরকারকে পরামর্শ দেওয়া প্রভাবশালী কর্তৃপক্ষ শুরা কাউন্সিলের কয়েকজন সদস্য এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। রয়টার্স।