স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঙ্গা পুলিশ বিলোপ
ইউক্রেনের পশ্চিমাপন্থী নেতারা গতকাল বুধবার নিন্দিত দাঙ্গা পুলিশ বাহিনী (বেরকুত) ভেঙে দিয়েছেন। এদিকে তাঁরা নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শেষ করেছেন বলে জানান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ। রাজধানী কিয়েভে বিক্ষোভকারীদের টানা তিন মাসব্যাপী আন্দোলনে অবরুদ্ধ ইনডিপেনডেন্স স্কয়ারে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার কথা।
সম্প্রতি রক্তক্ষয়ী আন্দোলনে প্রায় ১০০ মানুষের প্রাণহানির মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ। এএফপি।


বাতিলের আহ্বান

ইসরায়েলের সঙ্গে ১৯৯৪ সালে সম্পাদিত একটি শান্তিচুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন জর্ডানের আইনপ্রণেতারা। জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব বিষয়ে ইহুদি রাষ্ট্রটির পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পর তাঁরা এ আহ্বান জানালেন। জর্ডানের আল-রাই সংবাদপত্রে গতকাল বুধবার এক খবরে বলা হয়, চুক্তিটি রদ করার পক্ষে গত মঙ্গলবার জর্ডান পার্লামেন্টের নিম্নকক্ষে আনা একটি প্রস্তাবে ১৫০ সদস্যের ৪৭ জন সই করেন। শান্তিচুক্তির আওতায় জর্ডান জেরুজালেমে মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর তত্ত্বাবধান করে থাকে। এএফপি।