স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বিপজ্জনক
আফগানিস্তানের চেয়ে ভারতে বোমা হামলায় শিকার হওয়ার সম্ভাবনা বেশি। শুনতে অদ্ভুত শোনালেও, সরকারি তথ্যমতে ভারত বিশ্বের ভয়ংকরতম স্থান, যেখানে বোমা হামলার হার বছরে সবচেয়ে বেশি। এর পরে আছে ইরাক ও পাকিস্তান। অথচ যুদ্ধকবলিত আফগানিস্তান ও সিরিয়ার অবস্থান এদের চেয়ে ভালো। ন্যাশনাল বম্ব ডেটা সেন্টারের (এনবিডিসি) তথ্যমতে, ২০১৩ সালে ভারতে ২১২টি বোমা হামলার ঘটনা ঘটে, যা আফগানিস্তানের (১০৮ বোমা হামলা) প্রায় দ্বিগুণ। এদিকে সিরিয়ায় ৩৬টি বোমা হামলার ঘটনা ঘটে। আর বাংলাদেশে ওই বছর বোমা হামলা হয় মাত্র ৭৫টি। ভারতে ২০১২ সালে বোমা হামলা হয়েছিল ২৪১টি, যা ২০১৩-এর চেয়েও বেশি। টাইমস অব ইন্ডিয়া।
হামাস নিষিদ্ধ
মিসরে হামাসের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ও কার্যালয় বন্ধের আদেশ দিয়েছেন কায়রোর একটি আদালত। গতকাল মঙ্গলবার দেওয়া মিসরের আদালতের এই আদেশকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে দমনে সেনাবাহিনীর পরিকল্পনার আরেকটি লক্ষণ হিসেবে মনে করা হচ্ছে। মিসরের পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস। গোষ্ঠীটিকে মিসরের ধর্মভিত্তিক রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের একটি শাখা বলে বিবেচনা করা হয়। ব্রাদারহুডকে ইতিমধ্যে মিসরের সেনা-সমর্থিত সরকার নিষিদ্ধ করেছে। আদালতের এই আদেশের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এএফপি।
যুক্তরাষ্ট্রের প্রস্তাব
শ্রীলঙ্কায় ৪০ হাজার বেসামরিক মানুষ হত্যার অভিযোগ আন্তর্জাতিকভাবে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার ওই প্রস্তাবের খসড় প্রকাশিত হয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, ২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে সরকারি বাহিনীর অভিযান চলাকালে প্রায় ৪০ হাজার বেসামরিক তামিল নাগরিকের প্রাণহানির ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ রয়েছে। এএফপি।
নির্বাসিত নেতার আহ্বান
চীনের কুনমিং শহরে রেলস্টেশনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতের জেরে সংখ্যালঘু মুসলিম উইঘুরদের ওপর দমন-পীড়ন না চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাসিত উইঘুর নেতা রাবিয়া কাদির। গত শনিবারের ওই হামলায় অন্তত ২৯ জন নিহত হয়। এ ঘটনার পর সন্দেহের তির ছোড়া হচ্ছে উইঘুরদের দিকেও। তাদের ওপর সরকারি বাহিনীর অভিযান চালানোর আশঙ্কা করা হচ্ছে। এএফপি।