স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ
প্রার্থিতা প্রত্যাহার
আফগানিস্তানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন হামিদ কারজাইয়ের ভাই কাইয়ুম কারজাই। গতকাল বৃহস্পতিবার তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। আফগানিস্তানে আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে গতকাল কাবুলে সংবাদ সম্মেলন করেন কাইয়ুম। এতে তিনি প্রার্থিতা প্রত্যাহারের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী জালমাই রসুলকে সমর্থন দেন। কাইয়ুম বলেন, ‘আমি রসুলকে সমর্থন দিচ্ছি। আশা রাখি, তিনি এই ভোটযুদ্ধে জয়ী হবেন।’এএফপি।
ব্যয় কমবে না
চীনের সামরিক ব্যয় বাড়লেও বিশ্ববাসীর এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, দেশটির সামরিক নীতির কোনো পরিবর্তন হচ্ছে না। এর আগে চীন ২০১৪ সালের সামরিক ব্যয় ১২ দশমিক ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। চীনের গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, বর্তমান সামরিক নীতি পরিবর্তনের কোনো ইচ্ছা চীনের নেই। তারা খবরদারি করতে চায় না। পত্রিকাটির সম্পাদকীয়তে দাবি করা হয়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সামরিকভাবে আরও শক্তিশালী চীনা সেনাবাহিনী প্রয়োজন। তবে চীনের সামরিক ব্যয় এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। এএফপি।
সম্পর্ক ছিন্ন
পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। কারাকাসে বিক্ষোভ ও আন্দোলন নিয়ে আলোচনার জন্য উত্তর ও লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে পানামা একটি বৈঠক ডাকে। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার মাদুরো পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মর্টিনেলি এক টুইটার বার্তায় জানান, জেনেজুয়েলার পদক্ষেপ অবাক করার মতো। এএফপি।