স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নাকচ

ইরান ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করেছে বলে যে খবর বেরিয়েছে তার সত্যতা নাকচ করে দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল শনিবার এ খবর দিয়েছে। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রভাবশালী কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরাদির উদ্ধৃতি দিয়ে ইরনার খবরে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা অব্যাহত রয়েছে। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠেয় সংলাপের প্রাক্কালে এ খবর প্রকাশিত হলো। ৭ ও ৮ নভেম্বরের ওই সংলাপে ইরান এবং ছয়টি বিশ্বশক্তি অংশ নেবে। এএফপি।

ভাগনির পদত্যাগ

বিজেপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির অন্যতম সহসভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ভাগনি করুণা শুক্লা। ছত্তিশগড় রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এ ঘোষণাকে বিজেপির জন্য একটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে। বিজেপিকে ক্ষমতার রাজনীতি গ্রাস করেছে অভিযোগ করে গতকাল শনিবার আনন্দনগরের নিজ বাসভবনে পদত্যাগের ঘোষণা দেন শুক্লা। ছত্তিশগড়ে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী রমন সিংয়ের একচ্ছত্র আধিপত্য চলছে। পদত্যাগী শুক্লা অভিযোগ করেন, দলীয় কোনো ব্যাপারেই বিজেপি তাঁকে আস্থায় নেয়নি, এমনকি দলীয় সভাপতি রাজনাথ সিংও তাঁর সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়া।