স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গসন্তান

ভারতের বিমানবাহিনীর নতুন প্রধান হচ্ছেন এক বঙ্গসন্তান। তিনি এয়ার মার্শাল অরূপ রাহা। আদি বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। বর্তমান বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটিতে। মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগসংক্রান্ত কমিটির বৈঠকে অরূপ রাহার নিয়োগ চূড়ান্ত হয়। তিনি আগামী ৩১ ডিসেম্বর থেকে ভারতের বিমানবাহিনীর প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করবেন। ১৯৫৪ সালে  আরেক বাঙালি সুব্রত মুখোপাধ্যায় এ পদে যোগ দিয়েছিলেন। কলকাতা প্রতিনিধি।

টেপকো বাদ

ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার দায়িত্ব থেকে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার করপোরেশনকে (টেপকো) সরিয়ে দেওয়া উচিত। জাপানের ক্ষমতাসীন দলের দায়িত্বপ্রাপ্ত একটি প্যানেল এক প্রস্তাবে এ কথা বলেছে।  দুর্ঘটনার পরে এটি পরিষ্কার করতে বারবার ভুল পদক্ষেপ নেওয়া, দুর্বল পরিকল্পনা, প্রচেষ্টার ঘাটতি ইত্যাদি কারণে টেপকো বেশ সমালোচিত হয়েছে। রয়টার্স।

সন্ত্রাসী হামলা?

চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গাড়ি ‘দুর্ঘটনার’ ঘটনায় কথিত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করা হয়েছে। সোমবার জিনজিয়াংয়ের তিন অধিবাসী তিয়েনআনমেনে পথচারীদের ওপর গাড়িটি চালিয়ে দিলে আরোহীসহ পাঁচজন নিহত হয়। পুলিশ বলছে, মুসলিম-অধ্যুষিত জিনজিয়াংয়ের সন্ত্রাসবাদীরা আত্মঘাতী এ হামলা চালিয়েছে। এএফপি।