স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ
সাহারাকে নির্দেশ
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। সাহারা গ্রুপকে তাদের কোনো সম্পত্তি বিক্রি না করতেও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ এই আদালত। নির্দেশে সুপ্রিম কোর্ট বলেন, গত ২৮ অক্টোবর দেওয়া আদালতের নির্দেশ সাহারার পক্ষ থেকে সন্তোষজনকভাবে মানা হয়নি। গ্রুপের ২০ হাজার কোটি রুপির সম্পত্তির দলিলপত্র ভারতের সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ বোর্ডকে দেওয়ার আদেশ পালন করা হয়নি। টিএনএন।
খসড়া আইন বাতিল
সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের পার্লামেন্ট একটি বিশেষ বিল নাকচ করে দিয়েছে। ওই প্রস্তাবিত আইন পাস হলে দেশটির কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইউলিনা তিমাশেঙ্কো চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি বাণিজ্য চুক্তির পথও সুগম হতো। ২৯ নভেম্বর ইইউয়ের সঙ্গে ইউক্রেনের ওই চুক্তি হওয়ার কথা। কিন্তু ইইউ বরাবরই দেশটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী তিমাশেঙ্কোর মুক্তির দাবি করেছে। তিমাশেঙ্কো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের কঠোর প্রতিপক্ষ। বর্তমানে কারাগারে থাকা তিমাশেঙ্কো পিঠের ব্যাথায় ভুগছেন। ইইউ চায় ইউক্রেন সরকার তাঁকে জার্মানিতে চিকিৎসা নেওয়ার সুযোগ দিক। রয়টার্স।