স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ
জন্মশতবর্ষ
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বুধবার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। কলকাতার সল্টলেকে (বিধান নগর) এই অনুষ্ঠানের আয়োজক জ্যোতি বসু জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি। ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতার হ্যারিসন রোডের বাড়িতে জন্ম নেন জ্যোতি বসু। ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি পরলোক গমন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই রাজনৈতিক যোদ্ধা ও অকৃত্রিম বন্ধুর আদি নিবাস নারায়ণগঞ্জ জেলার বারদীতে। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই বারদীতে। জ্যোতি বসুর জন্মশতবর্ষ উপলক্ষে গত বছরের ৮ জুলাই থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। কলকাতা প্রতিনিধি।
পাকিস্তান বিপজ্জনক
বিশ্বে সাংবাদিকতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় এবারও রয়েছে পাকিস্তান। গণমাধ্যমের ওপর নজরদারি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) গতকাল বুধবার প্রকাশ করা বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ২০১৩ সালে দায়িত্ব পালনকালে সাতজন প্রতিবেদক নিহত হয়েছেন। একই বছর সিরিয়ায় ১০, ফিলিপাইনে আট ও সোমালিয়ায় সাত সাংবাদিক নিহত হন। এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রেও ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৮তম। এএফপি।
অজনপ্রিয় আবে
টোকিও ও সিউলের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে এখন একেবারে তলানিতে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার জনগণের কাছে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের মতোই সমান অজনপ্রিয়। দক্ষিণ কোরিয়ায় পরিচালিত এক নতুন জরিপে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার জরিপটির ফলাফল প্রকাশ করা হয়। আসান ইনস্টিটিউট পরিচালিত জরিপে বলা হয়, গত বছরের ডিসেম্বরে বিতর্কিত একটি যুদ্ধ-সমাধিক্ষেত্র পরিদর্শন করার পর আবের নিম্নমুখী জনপ্রিয়তা আরও কমে যায়। এএফপি।