স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতাজি নন

ভারতের জনপ্রিয় স্লোগান ‘জয় হিন্দ’-এর স্রষ্টা হিসেবে পরিচিত নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু সম্প্রতি দেশটিতে প্রকাশিত ইতিহাসবিষয়ক এক বইয়ে দাবি করা হয়েছে ‘জয় হিন্দ’ স্লোগানের স্রষ্টা নেতাজি নন বরং তাঁর সচিব ও দোভাষী জয়নুল আবেদিন হাসান। লেখক নরেন্দ্র লুথার তাঁর লেজেন্টস অব হায়দরাবাদ বইয়ে দাবি করেছেন, হায়দরাবাদের জয়নুল আবেদিন হাসান নেতাজির আগেই ‘জয় হিন্দ’ স্লোগানটি ব্যবহার করেন। লেখক জানিয়েছেন, জয়নুল আবেদিন হাসান জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি পালিয়ে জার্মানিতে যান। সেখানেই দুজনের সাক্ষাৎ হয়। নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে হাসান পড়া শেষ না করেই নেতাজির সচিব ও দোভাষী হিসেবে কাজ শুরু করেন। কলকাতা প্রতিনিধি।

৩০ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে গতকাল মঙ্গলবার সকালেও বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছেন। গত সপ্তাহে তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এটিই চতুর্থ দফা বিমান হামলা। ইতিমধ্যে এসব হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছেন। হামলার মুখে ওই এলাকার শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এএফপি।