সংকট কাটিয়ে উঠছেন গিলানি, জোটে ফিরে আসছে এমকিউএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর সরকারের সংকট কাটিয়েউঠছেন। গতকাল শুক্রবার তিনি জোটের সাবেক শরিক মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) নেতাদের সঙ্গে সফল বৈঠক করেছেন। সরকারে ফিরে আসতে পারে এমকিউএম।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী গিলানি ও তাঁর সহযোগীরা এমকিউএমের সদর দপ্তরে গিয়ে পৌঁছালে তাঁদের গোলাপের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।এমকিউএম ও প্রধান বিরোধী দল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-এনের দাবির কাছে নতিস্বীকার করে প্রধানমন্ত্রী গিলানি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার এক দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।এমকিউএমের মুখপাত্র সাইফ আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী গিলানি আমাদের দপ্তরে এসেছেন ও আমাদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।’গত রোববার সরকার থেকে বেরিয়ে আসে এমকিউএম। এতে সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়।সিদ্ধান্তের কারণ হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাজস্ব সংস্কারে ব্যর্থতা, দুর্নীতি ও মূল্যস্ফীতিকে জনগণের সামনে তুলে ধরেছে এমকিউএম। তবে গত বছর করাচিতে রাজনৈতিক সহিংসতা নিয়ে পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে এমকিউএমের বিরোধ রয়েছে।গিলানির সঙ্গে বৈঠকের আগে করণীয় নির্ধারণের জন্য রাতে বৈঠকে বসেন এমকিউএমের নীতিনির্ধারকেরা।দলের একজন নেতা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও শর্ত নির্ধারণ করা হয়েছে। যদি শর্ত গ্রহণ করা হয়, তাহলে তাঁরা আবারও সরকারে যোগ দেবেন। শর্ত সম্পর্কে এই নেতা বিস্তারিত কিছু না বললেও ধারণা করা হচ্ছে, এই শর্ত হচ্ছে জোটে এমকিউএমের আরও বৃহত্তর ভূমিকা ও মন্ত্রিসভায় দলের মন্ত্রীদের আরও ক্ষমতা দেওয়ার দাবি। এএফপি।