সংকট দ্রুত সমাধানে আশাবাদী নতুন মহাপরিচালক টনি হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রয়্যাল অপেরা হাউসের প্রধান নির্বাহী টনি হলকে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে বিবিসির বার্তা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। গতকাল শুক্রবার বিবিসির অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর টনি হল এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েক সপ্তাহ ধরে বিবিসি যে সংকটময় সময় পার করছে, তা থেকে দ্রুতই বের হয়ে আসা সম্ভব।বিবিসি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার এক বৈঠকে সর্বসম্মতিক্রমে টনি হলকে নিয়োগ দেওয়ার বিষয়ে মত দেন ট্রাস্টের সদস্যরা। আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক টিম ডেভি।বর্তমানে লন্ডনের শিল্পকলার প্রাণকেন্দ্র রয়্যাল অপেরা হাউসের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন টনি হল। ১৯৭৩ সালে তিনি বিবিসির বার্তা বিভাগে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেন। তিনি বিবিসির বার্তা বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন। ১৯৯৯ সালে বিবিসির মহাপরিচালক নিয়োগের সংক্ষিপ্ত তালিকায় টনি হলের নাম ছিল। তবে সে সময় গ্রেগ ডাইক বিবিসির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।অক্সফোর্ডের কেবল কলেজে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর পড়াশোনা করেছেন টনি হল। যুক্তরাজ্যের বারকেনহেড এলাকার অধিবাসী হওয়ায় তাঁকে লর্ড হল অব বারকেনহেড নামেও ডাকা হয়।বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে সম্প্রতি ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ম্যাক আলপাইনের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করা হয়। এর জের ধরে ১০ নভেম্বর পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক জর্জ এনটুইসেল।