সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, প্রায় এক বছর ধরে চলা সংকট নিরসনে যেকোনো সৎ উদ্যোগকে স্বাগত জানাতে তাঁর দেশ প্রস্তুত। গতকাল শনিবার দামেস্কে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গে বৈঠকে আসাদ আরও বলেন, যতক্ষণ সশস্ত্র বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় সক্রিয় থাকবে এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে সহিংসতা অব্যাহত রাখবে, ততক্ষণ কোনো রাজনৈতিক আলোচনা ও রাজনৈতিক কর্মকাণ্ড ফলপ্রসূ হবে না। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এসব তথ্য জানিয়েছে।সিরিয়ায় সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আরব লিগের নিযুক্ত বিশেষ দূত আনান দুই দিনের সফরে গতকালই দামেস্কে পৌঁছান।সিরীয় মানবাধিকার সংগঠনের অভিযোগ, আনানের এই সফর শুরুর আগে ইদলিব শহরে সরকারের অনুগত বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে। গত শুক্রবার ইদলিব ও হোমস শহরে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়।বিশেষ দূত আনানের প্রথমবারের মতো এই সিরিয়া সফরকে সে দেশের সরকার ও বিরোধীরা স্বাগত জানিয়েছে। কিন্তু এর আগে সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কায়রোতে এক বৈঠকে আনানকে স্পষ্ট জানিয়ে দেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সমপ্রদায় ত্রুটিপূর্ণ হস্তক্ষেপের বিরোধিতা করবে মস্কো।জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন বলেছেন, অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে আসাদকে চাপ দেবেন আনান। এ ছাড়া সরকারের অনুগত বাহিনীর দখল করা শহরগুলোতে জরুরি ত্রাণ পৌঁছানোর জন্য ত্রাণ সংস্থাগুলোকে অনুমতি দিতেও আসাদের প্রতি তিনি আহ্বান জানাবেন। বান কি মুন বলেন, ‘আমি কফি আনানকে জোর দিয়ে বলেছি, যেন আসাদকে অবিলম্বে অস্ত্রবিরতিতে সম্মত হতে চাপ সৃষ্টি করেন তিনি।’ মুন আরও বলেন, দুই দিনের সিরিয়া সফরকালে দামেস্কের বাইরে যাবেন না আনান। সরকারবিরোধীদের সঙ্গে সিরিয়ায় কোনো বৈঠক করবেন না তিনি। তবে চলমান সংকট নিরসনে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায় বসতে আসাদকে প্রস্তাব দেবেন। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, সিরিয়ার অব্যাহত সংকট রাজনৈতিকভাবেই নিরসন করতে হবে। এ লক্ষ্যে সে দেশের সরকারবিরোধী নেতাদের সঙ্গে সিরিয়ার বাইরে বৈঠকে বসবেন জাতিসংঘের এই বিশেষ দূত। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ রোববার দামেস্ক ত্যাগ করার পর তুরস্ক যাবেন আনান। সেখানে সিরিয়ার সরকারবিরোধী নেতাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। আনানের সফর শুরুর আগে তুরস্কের সীমান্তবর্তী ইদলিব শহরে সরকারের অনুগত বাহিনী ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, এ সপ্তাহের শুরুর দিক থেকে সরকারের অনুগত সেনারা শহরটিতে কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করছে। গত শুক্রবার অন্তত ৭০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ২৮ জনই নিহত হয় হোমস শহরে। হিউম্যান রাইটস দাবি করেছে, গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত আসাদবিরোধী লড়াইয়ে অন্তত সাড়ে আট হাজার মানুষ নিহত হয়েছে। আনানের সফরের মাত্র এক দিন আগে শুক্রবার জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান ভ্যালেরি অ্যামোস দামেস্ক ত্যাগ করেন। গত বৃহস্পতিবার হোমস শহর সফর শেষে অ্যামোস বলেন, শহরের অনেক এলাকা গোলার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির বাসিন্দাদের কাছে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছে দিতে হবে। জাতিসংঘের একজন মুখপাত্র জেনেভায় বলেন, দেশটিতে অন্তত ১৫ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছাতে হবে।সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন এলাকায় সহায়তা দেওয়ার জন্য শুক্রবার ২০ লাখ ডলার অনুদান ঘোষণা করেছে চীন। রয়টার্স ও এএফপি।