সংকট নিরসনে বাগদাদে কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ সোমবার ইরাকের রাজধানী বাগদাদে গেছেন। ইরাকে চলমান সংকট নিয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইরাকে সুন্নি বিদ্রোহীদের একের পর এক শহর দখলের অগ্রযাত্রার মধ্যেই সে দেশে গেলেন কেরি।

এই সফরের সময় দেশটির শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, সুন্নি ও কুর্দি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানান, ইরাকের বর্তমান সংকট, সুন্নি বিদ্রোহী আইএসআইএসের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ, সংকট উত্তরণের উপায় প্রভৃতি নিয়ে ইরাকের নেতাদের সঙ্গে আলোচনা করবেন কেরি।

ইরাকে আরও অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চাপ দেবেন বলে মনে করা হচ্ছে।

গতকাল রোববার মিসরে কেরি সতর্ক করে বলেন, সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএসের সহিংস ও দমনমূলক মতাদর্শ  শুধু ইরাক নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি। 

জঙ্গিরা ইরাকের আরও চারটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ তিনটি শহর দখল করেছে তারা। পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ দখলে নিয়েছে বিদ্রোহীরা। এ নিয়ে আনবারের তিনটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে।

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে নুরি আল-মালিকির সরকার। দেশটির রাজনীতিক ও কূটনীতিকেরা গতকাল রোববার এ কথা জানিয়েছেন।