সংকট পিছু ছাড়ছে না গিলানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছরে একের পর এক ঝামেলায় জড়িয়েছেন তিনি। সংকট যেন পিছু ছাড়ছে না প্রধানমন্ত্রী গিলানির। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। রায়ে ৩০ সেকেন্ডের প্রতীকী দণ্ড দেওয়া হয়েছে তাঁকে।তবে প্রতীকী হলেও সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে ইউসুফ রাজা গিলানির ‘রাজনৈতিক ভাগ্য’ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। সুতোয় ঝুলছে তাঁর প্রধানমন্ত্রী পদ।সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও প্রধানমন্ত্রী গিলানি সুইস কর্তৃপক্ষকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করার জন্য চিঠি লিখতে অস্বীকৃতি জানান। এতে আদালত অবমাননার মামলা দায়ের হয় গিলানির বিরুদ্ধে। আদালতের রায়ের পর এখন গিলানি পার্লামেন্টের সদস্যপদ ও প্রধানমন্ত্রিত্ব দুটোই হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার আগে পাকিস্তানের সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেননি। আইনজীবীরা বলছেন, আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি।যদিও প্রধানমন্ত্রী হিসেবে গিলানির শুরুটা ছিল বেশ আশাজাগানিয়া। ২০০৮ সালের মার্চ মাসে গিলানি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোর স্থায়িত্বের বিবেচনায় গিলানির নেতৃত্বাধীন সরকার সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশ শাসন করছে।গত দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের ইতিহাসের ভয়াবহতম বন্যা মোকাবিলা করতে হয়েছে গিলানিকে। ২০১০ ও ২০১১ সালে ভয়াবহ বন্যায় দেশটির এক কোটি ৮০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক প্রাণহানির ঘটনা ছাড়াও মারাত্মকভাবে ধ্বংস হয়েছে যাতায়াত, আবাসন ও অবকাঠামো খাত। ব্যাহত হয়েছে শস্য উৎপাদন। মানুষের দুর্দশা লাঘবে গিলানি সরকারের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে ও দেশের বাইরে বন্যা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে গিলানির। যদিও সেনাবাহিনীর ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত তিনি। ২০১১ সালের শেষের দিকে মেমোগেট কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নেয়। সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করার জন্য প্রেসিডেন্ট জারদারি গোপনে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন—এ ঘটনাকে কেন্দ্র করে মেমোগেট কেলেঙ্কারির সূত্রপাত।গত বছর অ্যাবোটাবাদে আত্মগোপনে থাকা আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের বাড়িতে পাকিস্তানকে না জানিয়ে মার্কিন কমান্ডোদের অভিযান পরিচালনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে চিড় ধরে। এএফপি।