সংকট সমাধানে'প্রেসিডেন্ট' মুরসির সঙ্গে কথাবলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসি
মোহাম্মদ মুরসি

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসসহ আন্তর্জাতিক কূটনীতিকদের একটি দল গতকাল সোমবার মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতা খয়রাত এল-সাতেরের সঙ্গে কারাগারে দেখা করেছেন। সাতের তাঁদের বলেন, মোহাম্মদ মুরসি এখনো মিসরের প্রেসিডেন্ট। সংকট সমাধানে তাঁর সঙ্গে কথা বলুন।
মিসরের বর্তমান সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কূটনীতিকেরা গতকাল সাতেরের সঙ্গে দেখা করেন। কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানে কংগ্রেসের দুই সিনেটর গতকালই মিসরে পৌঁছার কথা।
ব্রাদারহুডের নেতা সাতেরের সঙ্গে গতকাল দেখা করেন মার্কিন  পররাষ্ট্রমন্ত্রী বার্নস, ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত বার্নার্ডিনো লিও, কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আল-আতিয়াহ ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের বৈঠক চলে। এ সময় সাতের কূটনীতিকদের বলেন, ‘আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। মিসরের একজন প্রেসিডেন্ট আছেন, তাঁর নাম মোহাম্মদ মুরসি। আপনারা তাঁর সঙ্গেই কথা বলুন।’

সাতেরের বিরুদ্ধে হত্যাযজ্ঞে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মুরসির পতনের আগে বিক্ষোভকারীদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়, তাতে সাতেরের মূল ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

সাতেরের সঙ্গে কূটনীতিকদের দেখা করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই উদ্যোগ মিসরের বর্তমান সংকট সমাধানে শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করবে বলে মনে করছেন কেউ কেউ।

 গতকাল মিসরে পৌঁছার কথা মার্কিন সিনেটর জন ম্যাককেইন ও সিনেটর লিন্ডসে গ্রাহামের। আল-জাজিরা ও রয়টার্স।