যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উত্তর কোরিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড থামাতে চীনের সহযোগিতা চাইতে গতকাল শনিবার বেইজিংয়ে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়া থেকে সেখানে যান কেরি।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপকালে কেরি বলেন, বিশ্ব এখন ‘সংকটকাল’ পার করছে। এর মধ্যে কোরীয় উপদ্বীপে উত্তেজনা, ইরানের বিতর্কিত পারমাণবিক প্রকল্প, সিরিয়া ও মধ্যপ্রাচ্যসংকট এবং সারা বিশ্বের অর্থনৈতিক সমস্যা জটিল আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট শি কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। শুরুটা বেশ ভালো হয়েছে।ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া দুটি মুসুদান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির উত্তর উপকূলে তাক করেছে। আগামীকাল সোমবার দেশটির স্থপতি প্রয়াত নেতা কিম ইল-সাংয়ের ১০১তম জন্মদিন উপলক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে পিয়ংইয়ং।তবে যুক্তরাষ্ট্র বলছে, পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করছে এমন কোনো তথ্য তাদের হাতে নেই। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের সঙ্গে সিউলে আলোচনা করেন কেরি। এ সময় উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পার্কের পরিকল্পনার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান তিনি। উত্তর কোরিয়া গত ডিসেম্বরে একটি রকেট উৎক্ষেপণ এবং ফেব্রুয়ারিতে পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর দেশটির ওপর অবরোধ আরোপ করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া বারবার পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়ায় কোরীয় উপদ্বীপ অঞ্চলে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তর কোরিয়া সম্পূর্ণ উসকানিমূলকভাবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন কথা বলা সত্ত্বেও পার্ক বেশ কিছু বিষয়ে পিয়ংইয়ং সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। শুক্রবার ক্ষমতাসীন দলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পার্ক বলেন, দক্ষিণ কোরিয়া অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসবে এবং তাদের চিন্তাভাবনার কথা শুনবে।এদিকে পিয়ংইয়ংয়ের ‘অগ্রহণযোগ্য বাগাড়ম্বরপূর্ণ’ উক্তির কঠোর নিন্দা জানান কেরি। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যেকোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণই হবে উত্তর কোরিয়ার জন্য চরম ভুল। কেরি বলেন, ‘ভিন্ন ধরনের লক্ষ্য নিয়েই প্রেসিডেন্ট পার্ক নির্বাচিত হন। তাঁর লক্ষ্য সম্ভাব্য শান্তি। তাঁর এসব উদ্দেশ্যকে আমরা সম্মান জানাই। আমরা আশা করি, তাঁর উদ্দেশ্য বাস্তবায়িত হবে।’কেরি আরও বলেন, ‘আমরা কোরীয় উপদ্বীপের উত্তেজনার বিষয়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যাতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে।’ এএফপি ও বিবিসি।