সংকটে আফগানিস্তান: কেরি
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধের কারণে দেশটি ‘সংকটকাল’ পার করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর বিবিসি ও রয়টার্সের।
আফগানিস্তানে গত জুনে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এরপর দুই প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ও আশরাফ গনি নিজ নিজ জয়ের দাবি করছেন। এতে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টায় গতকাল শুক্রবার আকস্মিক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি।
নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, আশরাফ গনি বিজয়ী হতে চলেছেন। ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কথা রয়েছে। তবে আবদুল্লাহ আবদুল্লাহ নিজেকে জয়ী দাবি করে বলেছেন, আনুষ্ঠানিক ফলাফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা না হলে তিনি পৃথকভাবে সরকার গঠন করবেন। আবদুল্লাহর এ ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল আবদুল্লাহ আবদুল্লাহ ও আশরাফ গনির সঙ্গে বৈঠক করেছেন কেরি। এর আগে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান জ্যান কুবিসের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকে কেরি বলেন, ‘আফগানিস্তান এখন “সংকটকালীন মুহূর্তে” রয়েছে। আমাদের আশা, এমন একটি পথ খুঁজে পাওয়া যাবে যেখানে বর্তমান সংকটে যে প্রশ্নগুলো উঠেছে, তার সমাধান বেরিয়ে আসবে। যার মাধ্যমে জনগণের মধ্যে সন্তুষ্টি আসবে এবং আফগানিস্তানের ভবিষ্যৎ সুনির্দিষ্ট হবে।’
এদিকে প্রেসিডেন্ট প্রার্থী আশরাফ গণি গতকাল বলেছেন, ফল নিয়ে যে সংকটের তৈরি হয়েছে তার সমাধান চান তিনি। ফলাফলের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে ‘নিবিড় ও বিস্তৃত’ নীরিক্ষা চান।
প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীও ছাড়াও কেরি গতকাল কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন।