পাকিস্তানে বন্যার ভয়াবহতা দেশটির সার্বিক অর্থনীতি, খাদ্য সরবরাহ ব্যবস্থা ও রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বন্যা উপদ্রুত লাখ লাখ মানুষের জন্য খাদ্য ও সুপেয় পানি সংগ্রহ করতে সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলোর ত্রাণকর্মীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।দেশটির এই দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্বব্যাংক ৯০ কোটি ডলার ঋণ-সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।গত সোমবারের বৃষ্টিতে দুর্গত এলাকায় দুর্ভোগ আরও বেড়ে গেছে। সরকার ও ত্রাণ কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলায় সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণে এখনই পদক্ষেপ নিতে হবে। উপদ্রুত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ, বিশেষত কলেরা প্রতিরোধে প্রথমত সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। কিন্তু শহরাঞ্চলেও চলছে তীব্র খাদ্যসংকট। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কৃষকেরা এবার সময়মতো চাষাবাদ করতে পারবেন না। এ কারণে দেশটিকে ভয়াবহ খাদ্যসংকটে পড়তে হবে।জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) অফিসের মুখপাত্র মুজরিজিও গিউলিয়ানো বলেছেন, বন্যায় প্রথম দফায় বহু মানুষের মৃত্যু হয়েছে। শিগগির আরও ত্রাণ এবং খাওয়ার পানি না পেলে দেশটিতে দ্বিতীয় দফা মৃত্যুঝুঁকির আশঙ্কা রয়েছে। গিউলিয়ানো বলেন, ‘পরিস্থিতি বিভীষিকাময়।’পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় খানপুর এলাকার ৫০ বছর বয়সী গমচাষি মকবুল আনজুম টেলিফোনে নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের ঘরে কোনো খাবার নেই। তিন সপ্তাহ ধরে আমার পরিবারের সদস্যরা শুধু রুটি ও লবণাক্ত পানি খেয়ে বেঁচে আছে। কোনো শুকনো কাঠও নেই, যা দিয়ে চুলা জ্বালানো যায়। এখন আমরা আমাদের বিছানা থেকে কাঠ খুলে তা পা দিয়ে ভেঙে চুলা জ্বালাচ্ছি।’মকবুল বলেন, সরকার অথবা কোনো সংগঠনের পক্ষ থেকে এখনো কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকেরও বেশি সময় পর সরকারকে এবার চাল আমদানি করতে হতে পারে।পাকিস্তানের দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্বব্যাংক ৯০ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার কথা জানিয়েছে। বন্যায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু এবং দুই কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ বলছে, ত্রাণ কার্যক্রমের গতি ধীর হওয়ায় মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে।ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দেশটির অন্তত পাঁচ বছর সময় এবং প্রায় দেড় হাজার কোটি ডলার প্রয়োজন হবে। নিউইয়র্ক টাইমস, এএফপি, বিবিসি।