সংকটের মধ্যেও মহাকাশে একসঙ্গে যুক্তরাষ্ট্র-রাশিয়া
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) পথে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নতুন তিন নভোচারী গত মঙ্গলবার যাত্রা করেছেন। কাজাখস্তানের বাইকনুর উৎক্ষেপণকেন্দ্র থেকে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা ১৭ মিনিটে ওই দুই নভোচারী রওনা হন এবং প্রায় ছয় ঘণ্টা পর গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা আইএসএসে পৌঁছাতে পারেননি। তাঁরা নির্ধারিত নতুন সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার আইএসএসে পৌঁছাবেন। তিন নভোচারীই সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।
নভোচারীরা হলেন রাশিয়ার কেন্দ্রীয় মহাকাশ সংস্থার (রোজকসমস) আলেক্সান্দর স্কভরস্তভ ও ওলেক আর্তিময়েভ এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) স্টিভ সোয়ানসন। তাঁরা রাশিয়ার সয়ুজ টিএমএ-টুয়েলভএম নভোযানে করে যাত্রা করেন।
নাসার বিবৃতিতে বলা হয়, মহাশূন্যে নিজেদের মানিয়ে নিতে স্কভরস্তভ, আর্তিময়েভ ও সোয়ানসন বেশ কয়েক দিন একসঙ্গে কাটাবেন। এরপর তাঁরা আইএসএসে অবস্থানকারী জ্যেষ্ঠ নভোচারীদের সঙ্গে ছয় মাস দায়িত্ব পালন করবেন। আইএসএস থেকে জাপানের কোইচি ওয়াতাতা, যুক্তরাষ্ট্রের রিক মাস্ত্রাচ্চিও এবং রাশিয়ার মিখাইল ত্যুরিন আগামী মে মাসে ফিরে আসবেন। আর স্কভরস্তভ, আর্তিময়েভ ও সোয়ানসন ফিরবেন আগামী সেপ্টেম্বরে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করলেও দুই দেশের যৌথ মহাকাশ অভিযাত্রা অব্যাহত রয়েছে। সিএনএন।