বিশাল পথ অতিক্রম করে প্লুটো গ্রহকে পার হওয়ার ধকল সামলাতে পেরেছে নাসার মানুষবিহীন মহাকাশযান নিউ হরাইজনস। সৌরজগতের প্রান্তে অবস্থিত খুদে গ্রহটিকে অতিক্রম করে যাওয়ার পরও সংকেত পাঠিয়ে সচল থাকার কথা নিশ্চিত করেছে এটি। খবর এএফপি ও বিবিসির।
প্লুটোর মাত্র সাড়ে ১২ হাজার কিলোমিটার দূর থেকে ছবি ও তথ্য সংগ্রহ করেছে নিউ হরাইজনস। সেগুলো শিগগিরই পৃথিবীতে পৌঁছাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। আশা করা হচ্ছে বামন গ্রহটির এ পর্যন্ত পাওয়া সবচেয়ে স্পষ্ট ছবি ও সবচেয়ে বিশদ বিবরণ হবে এগুলো। ছবি ও তথ্যগুলো পাওয়ার জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা।
পারমাণবিক শক্তিতে চলা নিউ হরাইজনস প্রায় ১০ বছরের এ অভিযানে ৪৮০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে। গত মঙ্গলবার এটি প্লুটোর সবচেয়ে কাছে পৌঁছায়। বামন গ্রহটিকে অতিক্রম করে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণকক্ষে নিউ হরাইজনসের সাংকেতিক বার্তা পৌঁছায়। এতে নিশ্চিত হয়, নভোযানটি ঠিকঠাক রয়েছে। স্পেনের মাদ্রিদে স্থাপিত একটি সুবিশাল যন্ত্রের মাধ্যমে সংকেতটি পৌঁছায়। আর নিয়ন্ত্রণকক্ষের অবস্থান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে জনস হপকিন্স অ্যাপ্লায়েড ফিজিকস সেন্টারে। কয়েক শ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে বার্তাটি পৃথিবীতে পৌঁছাতেই ৪ ঘণ্টা ২৫ মিনিট লেগেছে।
এ পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে দ্রুতগামী রোবটযান নিউ হরাইজনস। এটি সুদূর প্লুটোর কাছাকাছি পৌঁছে অক্ষত থাকবে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সংশয় ছিল। কারণ নেপচুন গ্রহের সীমানা ছাড়ানোর পর মহাকাশের অঞ্চলটি নানা ধরনের মহাজাগতিক বস্তুর ধ্বংসাবশেষে পরিপূর্ণ। সেকেন্ডে প্রায় ১৪ কিলোমিটার গতিতে ছুটে চলা নভোযানটির সঙ্গে একটি চালের মতো ক্ষুদ্র বস্তুর সঙ্গেও ধাক্কা লাগলে তা নিমেষে ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। তবে নাসা বলেছিল, এ রকম দুর্ঘটনাবশত নিউ হরাইজনসের হারিয়ে যাওয়ার আশঙ্কা ১০ হাজারে মাত্র এক। প্রসঙ্গত, এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭০ কোটি মার্কিন ডলার।
নিউ হরাইজনসের অভিযান পরিচালনার ব্যবস্থাপক অ্যালিস বাওম্যান বলেন, ‘মানুষের তৈরি নভোযান এত দূরে পৌঁছানোর ঘটনাটি নিঃসন্দেহে বিস্ময়কর। আর প্লুটোর সত্যিকারের চিত্র দেখতে পারাটাও চমৎকার অভিজ্ঞতা। যেভাবে অভিযানটির পরিকল্পনা করা হয়েছিল, এ পর্যন্ত ঠিক সেভাবেই সবকিছু সম্পন্ন হয়েছে।’
নাসার প্রশাসক চার্লস বোল্ডেন বলেন, নিউ হরাইজনসের এই অভিযানের মধ্য দিয়ে তাঁরা সৌরজগতের প্রতিটি গ্রহ পর্যবেক্ষণের কাজ সম্পন্ন করলেন। অবশ্য কিছু বৈশিষ্ট্যের কারণে প্লুটোকে এখন আর পূর্ণাঙ্গ গ্রহ মনে করা হয় না।