সংকোচন নীতি রেখে গ্রিসে বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক পরিসরে সরকারি ব্যয় হ্রাসকে প্রাধান্য দিয়ে ঋণসংকটে জর্জরিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ গ্রিসের আইনপ্রণেতারা গতকাল সোমবার ২০১৩ সালের বাজেট অনুমোদন করেছেন। কৃচ্ছ্রনীতির বিরুদ্ধে দেশটিতে প্রচণ্ড বিক্ষোভ অব্যাহত থাকার মধ্যেই এ বাজেট পাস করা হলো।পার্লামেন্টে ১৬৭-১২৮ ভোটের ব্যবধানে ওই বাজেট পাস হয়েছে। দেশটিকে সম্ভাব্য দেউলিয়াত্বের হাত থেকে বাঁচাতে ইইউ ও আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ঘোষিত তিন হাজার ১৫০ কোটি ইউরো বা চার হাজার কোটি ডলার ঋণ-সহায়তা পেতে এথেন্সের কাছে এ ধরনের বাজেট প্রণয়ন করা ছিল একটি পূর্বশর্ত।বাজেট পাসের সময় রাজধানী এথেন্সে পার্লামেন্টের সামনে ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ দেখায়। গ্রিসের সংকট নিয়ে ব্রাসেলসে এক সম্মেলনে ইউরো জোনের অর্থমন্ত্রীদের আলোচনা শুরুর আগে সে দেশের আইনপ্রণেতারা এ বাজেট পাস করলেন।ওই সম্মেলনে গ্রিক প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসেরও অংশ নেওয়ার কথা। বাজেট পাসের আগে তিনি সতর্ক করে বলেছিলেন, ইইউ ও আইএমএফের প্রতিশ্রুত ঋণ না পেলে অল্প দিনের মধ্যেই এথেন্স দেউলিয়া হয়ে পড়তে শুরু করবে।বিবিসির এথেন্স সংবাদদাতা মার্ক লোয়েন বলেন, প্রধানমন্ত্রী সামারাসের সামনে এখন যে সমস্যা দাঁড়িয়েছে, তা হলো, ইইউর নতুন সহায়তা পেতে তাঁকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। কেননা, এই সহায়তার বিষয়টি প্রথমেই ইইউর কয়েকটি দেশের পার্লামেন্টে অনুমোদন হওয়া প্রয়োজন। এসব দেশের মধ্যে জার্মানিও রয়েছে।নতুন বাজেটে অন্তর্ভুক্ত ব্যয় সংকোচন পদক্ষেপের অনেকগুলোই গ্রিসের পার্লামেন্টে গত বুধবারের এক বিতর্কিত ভোটাভুটিতে পাস হয়। দেশটির জাতীয় অর্থনীতি আগামী বছর সাড়ে ৪ শতাংশ সংকুচিত ও সরকারি ঋণ মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ১৮৯ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারবিরোধী সিরিজা পার্টির প্রধান অ্যালেক্সিস এসপাইরাস বলেছেন, এই বাজেট কাটছাঁটের ফলে আসন্ন শীতে গ্রিসবাসীর অপরিহার্য পণ্যের জোগান দিতে সরকার ব্যর্থ হবে। বিবিসি।