সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বিপ্লব বার্ষিকীকিউবা গত শুক্রবার ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে বিপ্লবের ৫১ বছর উদ্যাপন করেছে। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে দেশটির স্বৈরশাসক ফুলগেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করা হয়। হাভানায় লা কাবানা নগর দুর্গে গত বৃহস্পতিবার মধ্যরাতে ২১টি ফাঁকা গুলি ছুড়ে বিপ্লব বার্ষিকীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে সরকারি টেলিভিশন চ্যানেলগুলো ফিদেল কাস্ত্রোকে উত্সর্গ করে গান প্রচার করে। এএফপি।ছয় লক্ষাধিকছয় লক্ষাধিক চীনা পর্যটক গত বছর তাইওয়ান ভ্রমণ করেছে। চীনের একটি দৈনিক সে দেশের পর্যটন বিভাগের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গত বছর অন্তত ছয় লাখ ছয় হাজার ১০০ পর্যটক তাইওয়ান ভ্রমণ করে। এ সময় পর্যটকদের প্রত্যেকে অন্ততপক্ষে এক হাজার ৮০০ ডলার ব্যয় করেছে। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হয়ে আসছে। সেই থেকে চীন দাবিও করে আসছে, তাইওয়ান তার অংশ। ২০০৮ সালের মে মাসে চীনের প্রতি বন্ধুভাবাপন্ন মা ইয়িং-জেইউ তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্কোন্নয়নের শুরু। এএফপি।নিহতের সংখ্যা ৯৩পাকিস্তানের উত্তরাঞ্চলে ভলিবল খেলা চলাকালে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। বানু এলাকার শাহ হাসান খান গ্রামে গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্র গতকাল শনিবার জানিয়েছে, শুক্রবার স্থানীয় দুটি দলের মধ্যে ভলিবল খেলা চলাকালে বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এ হামলায় তালেবানের আত্মঘাতী হামলাকারী প্রায় ৩০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে। এএফপি।লাক্ষা দ্বীপে সোনিয়াস্বামী রাজীব গান্ধীর প্রিয় পর্যটনকেন্দ্র ছিল ভারতের লাক্ষা দ্বীপ। সোনিয়ারও পছন্দের জায়গা ওই দ্বীপটি। তাই এবারও ছুটি কাটাতে সোনিয়া বেছে নিয়েছেন লাক্ষা দ্বীপকেই। গত শুক্রবার পরিবার-পরিজন নিয়ে তিনি ছুটে গেছেন নিরিবিলি ওই দ্বীপে। ওখানে থাকবেন সাত দিন। তাঁর সঙ্গে আছেন সোনিয়ার মা পাওলা মাইনো। আরও আছেন কন্যা প্রিয়াংকা এবং জামাতা রবার্ট ভদ্রসহ নাতি-নাতনিরা। ছেলে রাহুলও দু-এক দিনের মধ্যে রাজস্থানের জয়সলমির ঘুরে ওই দ্বীপে যাবেন ছুটি কাটাতে। কলকাতা প্রতিনিধি।