সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
মিসরে সোয়াইন ফ্লুমিসরে গত শনিবার সোয়াইন ফ্লুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে জানানো হয়, কেনা, ডাকাহলিয়া ও মিনিয়া এলাকায় এসব মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে ১০ হাজার ৭৭৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এএফপি।অস্ট্রেলিয়ায় বন্যাঅস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বন্যা দেখা দেওয়ায় জরুরি উদ্ধার-তত্পরতার অংশ হিসেবে গতকাল রোববার কয়েক শ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, গত কয়েক দিনে অতিরিক্ত বৃষ্টির কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্যা দেখা দিয়েছে। রাজ্যের দুটি এলাকাকে প্রাকৃতিক দুর্যোগকবলিত হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্যায় ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘ খরার পর এই বৃষ্টিপাতকে স্বাগত জানিয়েছেন কৃষকেরা। এএফপি।বেড়ে ৬৩ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জন হয়েছে। গতকাল রোববার উদ্ধারকর্মীরা ইলহা গ্র্যান্ডে শহরে মাটি ও পাথরের নিচে চাপা পড়া একটি হোটেল থেকে আরও লাশ বের করে এনেছেন। কর্মকর্তারা জানান, এ ছাড়া ভূমিধসের ঘটনায় অ্যাঙ্গরা দোস রেইস শহরে নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। গত বুধবার শুরু হওয়া বৃষ্টিতে ব্রাজিলের বিভিন্ন স্থানে এসব ভূমিধসের ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছে। এএফপি।দণ্ডাদেশ বহালপেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির ২৫ বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন সে দেশের সুপ্রিম কোর্ট। ক্ষমতায় থাকার সময় সামরিক বাহিনীকে হত্যা ও অপহরণের নির্দেশ দেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে গত এপ্রিলে এ আদেশ দেন আদালত। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ফুজিমোরি নির্বাসন কাটিয়ে ২০০৭ সালে দেশে ফেরেন। মানবাধিকার লঙ্ঘনের অপরাধে লাতিন আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রেসিডেন্টের নিজ দেশেই সাজা পাওয়ার প্রথম ঘটনা এটি। বিবিসি।