সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
৪০ জনের মৃত্যুভারতের উত্তর প্রদেশে গত এক সপ্তাহে তীব্র শীতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে মৃতের সংখ্যা শতাধিকের বেশি বলা হয়েছে কয়েকটি টেলিভিশনের খবরে। কয়েকটি স্থানে বৃষ্টি হওয়ায় শীতার্তদের দুর্ভোগ বেড়েছে আরও। নয়াদিল্লি কর্তৃপক্ষ গৃহহীনদের আশ্রয়ের জন্য তাঁবু টানিয়েছে। উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে অনেক বিমান ও ট্রেনের সময়সূচি পরিবর্তন কিংবা বাতিল করা হয়েছে। এএফপি। ওবামার কুশপুত্তলিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের নিজ শহর জর্জিয়ার প্লেইনসের একটি দেয়ালে প্রেসিডেন্ট বারাক ওবামার একটি কুশপুত্তলিকা দেখা গেছে। দ্য আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন পত্রিকা স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজ চিত্র তুলে ধরে জানায়, একটি দোকানের দেয়ালে কুশপুত্তলিকাটি ঝুলছিল। এর ওপরে ওবামার নাম লেখা ছিল। গত শনিবার সকালে স্থানীয় পুলিশ এটি সরিয়ে ফেলার আগেই অনেক মানুষ তা দেখতে পায়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মুখপাত্র এড ডনোভান কুশপুত্তলিকাটির বিষয় নিশ্চিত করে জানান, শহরের প্রধান রাস্তায় এটি দেখা যায়। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। এএফপি, টেলিগ্রাফ ও ফক্স নিউজ।ভূমিকম্পসলোমন দ্বীপপুঞ্জের রেনদোভা আইসল্যান্ড ও মারোভা ল্যাগুনে গতকাল সোমবার সকালে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে প্রায় ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগব্যবস্থাপনা কার্যালয়ের মুখপাত্র জুলিয়ান মাকা জানান, ভূমিকম্পে কয়েক হাজার মানুষ গৃহহীন হতে পারে। তবে সেখানে আজ মঙ্গলবার উদ্ধারকারী দল না পৌঁছানো পর্যন্ত প্রকৃত তথ্য জানা যাবে না। তিনি জানান, রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রেনদোভা আইসল্যান্ড ও মারোভা ল্যাগুনের দুর্গত এলাকায় পানি, খাবার ও ত্রিপল পাঠানো হয়েছে। এএফপি।আহমাদিনেজাদের সফর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল সোমবার মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে পৌঁছেছেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে বৈঠক করবেন। আজ মঙ্গলবার তাঁর প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তান সফর করার কথা রয়েছে। গত ২৭ ডিসেম্বর তেহরানে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর রক্তাক্ত দমন-পীড়নের পর এটাই আহমাদিনেজাদের প্রথম বিদেশ সফর। তাজিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাভলাত নাজরিয়েভ জানান, মূলত অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। এএফপি।ভিন্নমতাবলম্বীর আপিলনাশকতামূলক তত্পরতার অভিযোগে ১১ বছরের কারাদণ্ড পাওয়া চীনের ভিন্নমতাবলম্বী নেতা লিউ জিয়াওবো তাঁর দণ্ডাদেশ বিবেচনার জন্য আদালতে আপিল করেছেন। গতকাল সোমবার তাঁর আইনজীবী শাং বাওজুন জানান, লিউ জিয়াওবো জানেন যে তাঁর দণ্ড কমার বড় কোনো সুযোগ নেই, তার পরও ক্ষীণ আশা নিয়ে তিনি গত ২৯ ডিসেম্বর আদালতে আপিল করেছেন। লিউর দণ্ডাদেশের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোর সরকার। এএফপি।