সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
গভর্নর আহতআফগানিস্তানে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরণে খোস্ত প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর তাহির খান সাবারিসহ চারজন আহত হয়েছেন। অপরাধ তদন্ত বিভাগের প্রাদেশিক প্রধান গুলদাদ মানদোজাই জানান, গভর্নর তাঁর নিজের কম্পাউন্ডের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ বা গভর্নর কতটা আহত হয়েছেন, সে বিষয়ে গুলদাদ বিস্তারিত কিছু জানাতে পারেননি। এএফপি।প্রভাকরণের বাবার মৃত্যুশ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) সাবেক প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের বাবা থিরুভেঙ্কাদাম ভেলুপিল্লাই মারা গেছেন। কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, কলম্বোর বাইরে একটি সেনাঘাঁটিতে গত বুধবার থিরুভেঙ্কাদাম মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছরের কিছু বেশি। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত মে মাসে এলটিটিইর পরাজয়ের পর থেকে তাঁকে সেনা হেফাজতে রাখা হয়েছিল। এএফপি।মাকে হত্যাযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক কিশোর জানিয়েছে, সে তাঁর মাকে হত্যা করার জন্য বন্ধুকে ভাড়া করেছিল। হিউস্টন পুলিশ বিভাগ জানায়, ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম দানিশ মোয়াজ্জেম মিনহাজ। মাকে হত্যা করার জন্য সে তার বন্ধু নূর মোহাম্মদকে ভাড়া করে। মিনহাজ ও মোহাম্মদ দুজনই পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। মিনহাজ জানিয়েছে, তার মা তাবাসসুম খান ছিলেন খুবই কড়া প্রকৃতির একজন মানুষ। গত ২৫ নভেম্বর নিজের বাসা থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করে পুলিশ।পরীক্ষা শেষইসরায়েল সফলভাবে তাদের আইরন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসীব্যবস্থার পরীক্ষা শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হামাসের নিক্ষেপ করা হাজার হাজার রকেট প্রতিরোধে এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই প্রতিরক্ষাব্যবস্থা স্বল্প পাল্লার রকেট ও গোলা প্রতিরোধ করতে পারবে। দুই দিন ধরে এই পরীক্ষা চালানো হয়। এএফপি।