সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
দাদা হলেন সারকোজি ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি দাদা হয়েছেন। তাঁর ২৩ বছরের ছেলে জিয়ানের স্ত্রী জেসিকা সিবাউন গতকাল বুধবার একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহযোগী বলেছেন, গতকাল সকালে সারকোজি দাদা হয়েছেন। প্রেসিডেন্টের নাতির একটি ব্যতিক্রমধর্মী নাম রাখা হয়েছে বলে তিনি জানান। সারকোজির প্রথম স্ত্রীর সন্তান হচ্ছে জিয়ান। এএফপি।ব্যবসায়ী আটকহীরা চোরাচালানের অভিযোগে গত শুক্রবার চীনের শেনঝেন প্রদেশে ২১ জন ভারতীয় ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁদের বেশির ভাগই গুজরাট ও মহারাষ্ট্রের বাসিন্দা। বেইজিংয়ে ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। গুজরাটের হীরা ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রবীণ নানাবতী জানান, সম্ভবত কোনো ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আনন্দবাজার পত্রিকা। স্কুলশিক্ষার্থী নিহতপাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল শহরে গতকাল বুধবার একটি রেল ক্রসিংয়ে ট্রেন ও একটি স্কুলভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলাওয়ার বলেন, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলেছে, ভ্যানচালকের অবহেলার কারণে এমনটি ঘটেছে। স্থানীয় সময় গতকাল সকাল সোয়া আটটায় ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ডন।শিরশ্ছেদসৌদি আরবের মক্কায় গতকাল বুধবার খুনের দায়ে এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। তাঁর নাম রেদহা বিন আবিদ আবদুল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আবিদ আবদুল্লাহ শত্রুতাবশত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। নতুন বছরে সৌদি সরকার এ নিয়ে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০০৯ সালে সৌদিতে ৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপি।