সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
পুনর্নির্মাণচীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের বাড়িঘর পুনর্নির্মাণের ৯০ শতাংশের বেশি কাজ এ বছরের মধ্যে শেষ করা হবে। গত মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত সিনহুয়া বার্তা সংস্থার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সিচুয়ান প্রদেশের গভর্নর জিয়ান জুফেংয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ভূমিকম্পে বিধ্বস্ত ঘর ও ভবন পুনর্নির্মাণের প্রায় সব কাজ এ বছরের মধ্যে শেষ করা হবে। ২০০৮ সালের ১২ মে সিচুয়ানে ভয়াবহ ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়। ঘরহারা হয় ৫০ লাখেরও বেশি মানুষ। এএফপিপ্রকাশ্যে ফাঁসিইরানের তেহরানের ইসফাহান শহরে বিচার বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার দায়ে গতকাল বুধবার এক ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, জামশিদ হাদিয়ান (৫৯) নামের ওই ব্যক্তি গত বছর শহরের ডেপুটি কৌঁসুলিকে গুলি করে হত্যা করেন। গতকাল তাঁকে ইসফাহান শহরের আদালতের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়। এ বছর ইরানে অন্তত ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএফপিকেমিক্যাল আলীকে দাফনইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও চাচাতো ভাই কেমিক্যাল আলী নামে পরিচিত আলী হাসান আল-মাজিদকে গত মঙ্গলবার রাতে দাফন করা হয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধের (হালাবজা গণহত্যা) দায়ে গত সোমবার তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁকে ইরাকের তিকরিতের কাছে উজা শহরে সাদ্দাম হোসেন ও তাঁর ছেলে উদয় ও কুসায়ের পাশে দাফন করা হয়। এএফপিগণ-অপরাধ স্বীকারফিলিপাইনের ম্যানিলায় প্রায় সাড়ে পাঁচ হাজার রোমান ক্যাথলিক ধর্মযাজকের জন্য গতকাল বুধবার গণ-অপরাধ স্বীকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাথলিক বিশপস কনফারেন্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দরজা বন্ধ করে প্রায় সাত হাজার ধর্মযাজকের অংশগ্রহণে বার্ষিক কংগ্রেস হয়। ধর্মযাজকেরা ওই সময় একে অন্যের কাছে নিজেদের অতীতের পাপ, দোষ স্বীকার করেন। বিশপের মুখপাত্র মসিয়োর পেদ্রো কুইতোরিও জানান, ধর্মযাজকেরাও মানুষ। তাঁরাও পাপের ঊর্ধ্বে নন। ফিলিপাইনের নয় কোটি ৩০ লাখ জনগোষ্ঠীর মধ্যে সাড়ে সাত কোটি মানুষ ক্যাথলিক খ্রিষ্টান। এএফপিপ্রধান বিচারপতিকে জুতাইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপর জুতা নিক্ষেপ করেছেন এক ব্যক্তি। গতকাল বুধবার আদালতে শুনানির সময় ৫০ বছর বয়সী ওই ব্যক্তি উঠে ‘দুর্নীতিবাজ’ ও ‘পচা’ বলে চিত্কার করে পায়ের এক জোড়া জুতা বিচারপতির দিকে ছুড়ে মারেন। এতে ওই নারী বিচারপতির কপাল ও নাকে আঘাত লেগে কালো দাগ হয়ে যায় এবং চশমা ভেঙে যায়। পরে পুলিশ লোকটিকে আটক করে। রেডিওতে প্রচারিত খবরে বলা হয়, সম্ভবত ওই লোকটি আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন। এএফপিকর্মকর্তার আত্মহত্যাদক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্সের এক ভাইস প্রেসিডেন্ট তাঁর সিউলের অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পুলিশ জানায়, ভবনের এক নিরাপত্তাকর্মী গত মঙ্গলবার ৫১ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ ভবনের নিচে পড়ে থাকতে দেখেন। মারা যাওয়ার আগে এক চিঠিতে লি লিখেছেন, তিনি কাজে খুব চাপ অনুভব করছেন। এএফপি