সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
জরুরি অবস্থাভারী বর্ষণ ও বন্যার কারণে গত শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া সরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে বন্যায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে। বন্যাকবলিত হয়েছে প্রায় ২২ হাজার পরিবার। প্রেসিডেন্ট ইভো মোরালেস ও তাঁর মন্ত্রিসভার পক্ষ থেকে জারি করা এক ডিক্রিতে বলা হয়, ‘বন্যা, শিলাবৃষ্টি, ভূমিধস ও নদীভাঙনের কারণে আমরা বলিভিয়াজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করছি।’ জরুরি অবস্থা ঘোষণার ফলে আরও দ্রুত ত্রাণ সরবরাহ করতে পারবে সরকার। এএফপি।পানিসংকটচীনের গুয়াংজি অঞ্চলের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকার দুই লাখ ৪০ হাজার মানুষ তীব্র পানিসংকটে ভুগছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এলাকাটি পাঁচ মাস ধরে খরাকবলিত। গত আগস্ট থেকে ওই এলাকায় খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে। পানি সংগ্রহের জন্য কয়েক মাইল দূরে যেতে বাধ্য হচ্ছেন লোকজন। একজন সরকারি কর্মকর্তা জানান, তীব্র খরাকবলিত এলাকায় ট্রাকে করে পানি সরবরাহ করা হচ্ছে। এএফপি।পদত্যাগআর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্টিন রেড্রাডো গত শুক্রবার তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেছেন। ব্যাংকের রিজার্ভ থেকে সরকারের ঋণ পরিশোধের বিষয় নিয়ে প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের সঙ্গে বিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেন। রেড্রাডো সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে আমার দায়িত্ব শেষ হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সন্তুষ্ট। সেই সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের কার্যালয় ছেড়ে যাব।’ এএফপি।মামলাপরিবেশের ক্ষতি করার অভিযোগে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের নভেম্বর পর্যন্ত চীনে তিন হাজার ৪০০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্য সুপ্রিম পিপলস প্রসিকিউরেটরেট জানায়, যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁদের মধ্যে পানি, খনি, বন, নির্মাণ ও পরিবেশ সুরক্ষা বিভাগের কর্মকর্তারাও রয়েছেন। যদিও তাঁদের মধ্যে কতজন দোষী সাব্যস্ত হয়েছেন, সেটা উল্লেখ করা হয়নি। পরিবেশের ক্ষতি বা দূষণের মাধ্যমে তিন হাজার ৫৯১ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৭০ কোটি মার্কিন ডলারের। এএফপি।নাকচইরানের ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপে মার্কিন সিনেটের পদক্ষেপ নাকচ করে দিয়ে গতকাল শনিবার ইরান বলেছে, এ ধরনের পদক্ষেপ পরমাণু প্রযুক্তি অর্জনে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আরও উদ্বুদ্ধ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্টের উদ্ধৃতি দিয়ে ইরানের একটি পত্রিকা জানায়, এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হবে না। এএফপি।গুলি করে হত্যা ফিলিপাইনে বসবাসরত এক জাপানি নাগরিককে ম্যানিলার কাছে একটি বাসের আরোহীরা গুলি করে হত্যা করেছে। হিরোমি হোন্ডা (৫৯) নামের ওই জাপানি নাগরিক ম্যানিলার দক্ষিণে দাসমারিনাস শহরে একটি বাসে ওঠার পর অপরিচিত পাঁচ সন্দেহভাজন তাঁর ওপর হামলা চালায়। খবরে বলা হয়, হোন্ডা তাঁর ফিলিপিনো এক বান্ধবীর সঙ্গে বসবাস করতেন। সন্দেহভাজন হামলাকারীরা তাঁর পিছু ধাওয়া করে গুলি করে তাঁকে হত্যা করে। হত্যার পর বন্দুকধারীরা তাঁর গলার হার ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এএফপি।