সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
জন মার্থার জীবনাবসান মার্কিন কংগ্রেসের সদস্য জন মার্থা (৭৭) আর নেই। পেনসিলভানিয়ার এ রক্ষণশীল ডেমোক্র্যাট দলীয় নেতা গত সোমবার ভার্জিনিয়ায় আর্লিংটনের হাসপাতালে পিত্তথলি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় মারা গেছেন। সাবেক এ মেরিন সেনা ছিলেন ইরাক যুদ্ধের তীব্র সমালোচক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কংগ্রেস সদস্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে তিনি প্রভাব বিস্তার করে রেখেছিলেন। মার্থা ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম হাউস অব রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত হন। এএফপি।বৃদ্ধনিবাসে আগুন স্পেনের দক্ষিণাঞ্চলের সেভিল নগরের একটি বৃদ্ধনিবাসে গভীর রাতে আগুনে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভবনটির তৃতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, এই বৃদ্ধনিবাসে ২০ জন বসবাস করতেন। এএফপি। কুমিরের হামলায় ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি ছোট্ট নদীতে গোসল করার সময় কুমিরের হামলায় ১১ বছর বয়সী এক বালিকা প্রাণ হারিয়েছে। স্থানীয় সংবাদপত্র কোরেইয়ো পপুলার ডি রোনডোনিয়া জানায়, গ্রীষ্মের গরমে গুয়াজারা শহরের কাছে গত রোববার অনেকের সঙ্গে নদীতে সাঁতার কাটার সময় গিগলিয়ানে দো নাসিমেন্তো বিরা নামের বালিকাকে একটি কুমির ছিনিয়ে নিয়ে যায়। প্রায় পাঁচ মিটার লম্বা কুমিরটি যখন বালিকাটিকে পানিতে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তার ১৬ বছর বয়সী বড় ভাই অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। উদ্ধারকারীরা সাত ঘণ্টা ব্যাপক অনুসন্ধানের পর কুমিরের অবস্থান শনাক্ত করে সেটিকে গুলি করে হত্যা করে। এএফপি।মেক্সিকোতে ভূমিকম্পমেক্সিকোর দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা রাজ্যে গত সোমবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। এতে তাত্ক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিসের (এনএসএস) কর্মী জেসাস পেরেজ জানান, উপকূলীয় পুয়ের্তো এসকন্ডিডো পৌর এলাকার কাছে স্থানীয় সময় সকাল ছয়টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উত্পত্তিস্থল ছিল ওয়াক্সাকা নগরের ১০৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এএফপি।