সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বাল্যবিবাহে শীর্ষেবাল্যবিবাহে এখন ভারতে শীর্ষে রয়েছে বিহার রাজ্য। এই রাজ্যে ৬৮ দশমিক ৯ শতাংশ মেয়েরই উপযুক্ত বয়সের আগেই বিয়ে দেওয়া হয়। এদের বয়স ১৮ বছরের নিচে। অথচ ভারতে আইন রয়েছে ১৮ বছরের নিচের মেয়েদের বিয়ে আইনসিদ্ধ নয়। এ তথ্য ইউনিসেফের। বিহারের পর বাল্যবিবাহে এগিয়ে রয়েছে যথাক্রমে রাজস্থান, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও অন্ধ্র প্রদেশ। এরপর পশ্চিমবঙ্গ। আর বাল্যবিবাহ সবচেয়ে কম হয় কেরালায়। এরপর রয়েছে যথাক্রমে জম্মু ও কাশ্মীর, মণিপুর, গোয়া ও হিমাচল প্রদেশ। কলকাতা প্রতিনিধি।পুনর্নির্বাচিতটোগোর প্রেসিডেন্ট ফাউরে নাসিংবে গত শনিবার মোট ১২ লাখ ৪৩ হাজার ৪৪ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী জাঁ-পিয়ের ফেবার পেয়েছেন ছয় লাখ ৯২ হাজার ৫৮৪ ভোট। নির্বাচন কমিশনের প্রধান গতকাল এ ঘোষণা দেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে মোট ২০ লাখ ৪০ হাজার ৫৪৬ জন ভোটার ভোট দেন। ৪৩ বছর বয়সী নাসিংবে সাবেক নেতা নাসিংবে আইয়েদেমার ছেলে। আইয়েদেমা ২০০৫ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত কঠোর হস্তে দেশটি শাসন করেন। এএফপি।আহ্বানথাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে প্রচারণা শুরু করেছেন। রাজধানী ব্যাংককে ১৪ মার্চের সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছে তাঁর ‘রেড শার্ট’ সমর্থকেরা। মাত্র দুই সপ্তাহ আগেই সিনাওয়াত্রার ১১৪ কোটি ডলার জব্দ করেছেন আদালত। গত শনিবার টুইটারে একটি চিঠিতে থাকসিন বলেন, ‘যাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতায় বিশ্বাস করেন এবং যাঁরা মনে করেন আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে—এই সমাবেশে অংশ নিতে তাঁদের অনুরোধ করছি।’ এএফপি।