সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
নির্বাচনপশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আগামী ২৭ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার এ তারিখ নির্ধারণ করা হয়। ১৯৫৮ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে এটাই হবে প্রথম গণতান্ত্রিক নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমেই গিনিতে সামরিক শাসনের অবসান হবে বলে আশা করা হচ্ছে। গিনির বর্তমান সামরিক নেতা জেনারেল সিকৌবা কোনাতি স্বাক্ষরিত এক ফরমানে বলা হয়, প্রজাতন্ত্রের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আগামী ২৭ জুন প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক করেছেন। নির্বাচন কমিশন ১৮ জুলাই দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ প্রস্তাব করেছে। কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে তবেই দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি। আত্মহত্যাস্কটল্যান্ডে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন আত্মহত্যা করেছেন। প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, আত্মহত্যাকারীরা ছিলেন সে দেশের আশ্রয়প্রার্থী। বিতাড়ন এড়াতেই তাঁরা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ৩০ তলা একটি ভবনের নিচে গত রোববার সকালে তাঁদের লাশ পাওয়া যায়। তাঁদের দুজন পুুরুষ ও একজন নারী। ধারণা করা হচ্ছে, তাঁরা ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। আত্মহননকারীদের পরিচয় সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে প্রতিবেশী এলাইন স্ট্যানফোর্ড জানান, তাঁর ধারণা, তাঁরা কসোভোর নাগরিক। এএফপি।