সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
‘পাকিস্তানি চর’
ভারতের নিরাপত্তা সংস্থায় কর্মী হিসেবে ঢুকে পড়া একজন পাকিস্তানি গুপ্তচর মুম্বাই হামলায় জড়িত সন্ত্রাসীদের সহায়তা করেছিলেন। ব্রিটিশ সাংবাদিক অ্যাড্রিয়ান লেভি ও ক্যাথি স্কট-ক্লার্ক তাঁদের লেখা বই ‘দ্য সিজ’-এ এ দাবি করেছেন। বইতে বলা হয়েছে, ‘হানি বি’ (মৌমাছি) সাংকেতিক নামের ওই চর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ে কর্মরত তাঁর সহকর্মীদের সেদিন সহায়তা করেছিলেন। মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বরের ওই হামলায় ১৬৪ জন নিহত হয়। পিটিআই।
জারদারির মামলা
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মুনির এ. মালিক শুক্রবার সুপ্রিম কোর্টকে এ কথা জানিয়েছেন। মুনির বলেন, মামলাটি পুনরুজ্জীবিত করতে সরকারের আপিল আবেদনটিতে অনেক কালক্ষেপণ করা হয়েছিল। এ ছাড়া মামলাটি বন্ধ করতে সুইজারল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়েছে। প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ এতে হতাশা প্রকাশ করেন। ডন।