সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বেগম রোকেয়া পার্ক উপমহাদেশেনারীশিক্ষা আন্দোলনের পথিকৃত্ বেগম রোকেয়ার নামে কলকাতায় একটি পার্কের উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পার্ক সার্কাস ময়দানের বিপরীতে এই পার্কের উদ্বোধন করেন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এ বছরই বেগম রোকেয়ার গড়া সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ঠিক এই সময়ে তাঁর নামে পার্কের উদ্বোধনে খুশি কলকাতাবাসী। কলকাতা প্রতিনিধি।বিমান বিধ্বস্তরাশিয়ার দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল সোমবার বিমানবন্দরের রানওয়ে থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে একটি বনের ওপর জেট বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে কোনো যাত্রী ছিল না। আহত ব্যক্তিরা সবাই বিমানের ক্রু। এএফপি।চুরিনেদারল্যান্ডের ম্যাসট্রিস্ট শহরে আয়োজিত এক মেলা থেকে ১২ লাখ ডলার মূল্যের একটি আংটি ও হীরার একটি হার চুরি হয়েছে। মেলার মুখপাত্র তিতিয়া ভেলেঙ্গা জানান, গত রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এসব উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা গত রোববার শেষ হয়। এএফপি।গুলি করে হত্যাপাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় কলেজের এক অধ্যক্ষকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক মনজুর জানান, বেসরকারি একটি কলেজের অধ্যক্ষ ফজলে বারি ব্যক্তিগত গাড়িতে করে কাজে বেরিয়েছিলেন। এ সময় বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে ফজলে বারিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলিতে তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। এএফপি।কুমিরের আক্রমণঅস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সাঁতার কাটতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। গত রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের কর্মকর্তা মাইক মার্ফি বলেন, সাঁতারের সময় কুমিরটি শিশুর পায়ে কামড় দেয়। এতে তার পা ক্ষতবিক্ষত হয়। পরে আশপাশের বনরক্ষীরা তাকে উদ্ধার করেন। তবে বনরক্ষীরা কুমিরটি খুঁজে পাননি। এএফপি।