সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
শিশু হত্যাচীনে মানসিক ভারসাম্যহীন একজন চিকিৎসক দা দিয়ে কুপিয়ে আট শিশুকে হত্যা করেছেন। তাঁর এলোপাতাড়ি কোপে আহত হয়েছে আরও পাঁচ শিশু। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নানপিংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, মানসিক সমস্যার কারণে কিছুদিন আগে মধ্যবয়সী ওই চিকিৎসক চাকরি হারান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এএফপি।হেলিকপ্টার বিধ্বস্তআফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে গতকাল মঙ্গলবার তুর্কি সেনাবাহী ন্যাটোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদুল্লাহ বলেছেন, এ ঘটনায় এক তুর্কি সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। তিনি আরও জানান, দুটি সামরিক হেলিকপ্টার তুরস্ক পরিচালিত ন্যাটোর একটি সেনাঘাঁটিতে নামার সময় একটি হেলিকপ্টার পাহাড়ের ওপর বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করে। এএফপি।মন্ত্রী বরখাস্তঅর্থ পাচার করার অভিযোগে বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খলিফা তাঁর মন্ত্রিসভার একজন সদস্যকে বরখাস্ত করেছেন। এই মন্ত্রীর নাম মনসুর বিন রাজাব। তাঁর বিরুদ্ধে তিন কোটি ১৬ লাখ ডলার পাচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২৬ লাখ ৪০ হাজার ডলার জরিমানা ও সাত বছর পর্যন্ত জেল হতে পারে। পিটিআই।