সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
শেখের ভাই নিখোঁজসংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের ভাই শেখ আহমেদ বিন জায়েদ আল-নাহিয়ান মরক্কোয় গ্লাইডার (ইঞ্জিনবিহীন বিমান) দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম গত শুক্রবার জানায়, দুর্ঘটনার শিকার হয়ে গ্লাইডারটি একটি খালে পড়ে যায়। উদ্ধারকর্মীরা দুর্ঘটনা-কবলিত গ্লাইডারের চালককে উদ্ধার করেছেন। শেখ আহমেদকে উদ্ধারে তাঁরা অভিযান অব্যাহত রেখেছেন। এএফপি। যুদ্ধজাহাজ ডুবিউত্তর কোরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে ৪৬ নাবিক নিখোঁজ হয়েছেন। ১০৪ জন নাবিক নিয়ে জাহাজটি এক বিস্ফোরণের পর ডুবে যায়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের একজন মুখপাত্র বলেন, ডুবে যাওয়া জাহাজ থেকে ৫৮ নাবিককে উদ্ধার করা হয়েছে এবং এখনো ৪৬ জন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, নৌবাহিনীর একটি দল জাহাজটি ডুবে যাওয়ার কারণ উদ্ঘাটন এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারের চেষ্টা করছে। এএফপি। কেবিন ক্রুদের ধর্মঘটব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) কেবিন ক্রুরা দ্বিতীয় দফায় চার দিনের ধর্মঘট শুরু করেছেন। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিনের অসন্তোষের পর গতকাল শনিবার থেকে তাঁরা ওই ধর্মঘট শুরু করেন। এর আগে তাঁরা প্রথম দফায় টানা আট দিন ধর্মঘট করেন। কর্তৃপক্ষ ধর্মঘটী ক্রুদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায়। বিএর প্রধান নির্বাহী উইলি ওয়ালস বলেন, ‘সম্পূর্ণ অযৌক্তিক এই ধর্মঘটের ফলে যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ওলটপালট হয়েছে, তাঁদের জন্য দুঃখ প্রকাশ করছি।’ এএফপি। পুতিন যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার ভেনেজুয়েলা সফরে যাবেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ গতকাল শনিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। হুগো শাভেজ বর্তমানে ইকুয়েডর সফর করছেন। শাভেজ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ‘হুমকি’ মোকাবিলায় তিনি রাশিয়ার কাছে কৃতজ্ঞ। কারণ ভেনেজুয়েলার প্রতিরক্ষা শক্তি বাড়াতে রাশিয়া সাহায্য করেছে। এএফপি।