সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জাহাজডুবিনিউজিল্যান্ডের উপকূলে দক্ষিণ সাগরে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার জাহাজ ডুবে গেছে। এতে তিন নাবিকের মৃত্যু হয়। নিখোঁজ হয়েছেন তিনজন। জাহাজে ৫১ জন নাবিক ছিলেন। অন্যদের জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনই ইন্দোনেশিয়ার নাগরিক। নিখোঁজদের মধ্যে একজন দক্ষিণ কোরিয়ার এবং অন্য দুজন ইন্দোনেশিয়ার। ছয়টি মাছ ধরার জাহাজ ও নিউজিল্যান্ডের বিমানবাহিনীর একটি বিমান ছয় ঘণ্টা তল্লাশি চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। এএফপি।বিক্রি নিষিদ্ধরাতে এবং সকালে স্পিরিট ও অ্যালকোহল মেশানো দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ করতে যাচ্ছে মস্কো। লোকজনকে মদ্যপানে নিরুৎসাহ করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মস্কোর মেয়র ইউরি লুঝকভ স্বাক্ষরিত এক নির্দেশে বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৫ শতাংশের বেশি অ্যালকোহল আছে—এমন মদ বিক্রি করা যাবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ওই সময়ের মধ্যে ভদকা বা কানিয়াকের মতো মদ বিক্রি করা যাবে না। তবে বিয়ার বা হালকা মদ বিক্রির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। এএফপি।