সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বশিরকে অভিনন্দনআবারও সুদানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওমর আল-বশিরকে গতকাল মঙ্গলবার অভিনন্দন জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ সাংবাদিকদের জানান, সুদানের জনগণের পছন্দকে চীন পুরোপুরি শ্রদ্ধা করে। এ নির্বাচন দেশটির শান্তি, স্থিতিশীলতা ও জাতিগত বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট বশির আন্তর্জাতিক অপরাধ আদালতের তালিকাভুক্ত আসামি। দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এএফপি।মাফিয়া নেতা গ্রেপ্তারইতালির দক্ষিণাঞ্চলের পুলিশ সোমবার দেশটির শীর্ষ মাফিয়া নেতা জিওভানি তেজানোকে (৭০) গ্রেপ্তার করেছে। তিনি গত ১৭ বছর ধরে পলাতক ছিলেন। হত্যা, অস্ত্র পাচার ও মাফিয়া কার্যক্রমের জন্য জিওভানির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯৫ সাল থেকে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ইতালিতে যে চারটি সংগঠন অপরাধ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তার মধ্যে এনদ্রানগেতা বেশি শক্তিশালী ও নির্মম বলে মনে করা হয়। জিওভানি এই সংগঠনের প্রধান। এএফপি।