সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হজ ভবন উদ্বোধনকলকাতার উপশহর রাজারহাটের কৈখালিতে আজ রোববার পশ্চিমবঙ্গের দ্বিতীয় হজ ভবনের (হজ হাউস) উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১০ কোটি রুপি ব্যয়ে আটতলার এই ভবনটি নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ২০০৮ সালের ১৯ জানুয়ারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। পশ্চিমবঙ্গের প্রথম হজ ভবনটি রয়েছে কলকাতার পার্ক সার্কাসের দিলখুশা রোডে। গত শুক্রবার সংবাদ সম্মেলনে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহম্মদ মসিহ এ কথা জানান। এ বছর এই রাজ্য থেকে ১০ হাজার ২০৪ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করবেন। কলকাতা প্রতিনিধিঅভিনব কৌশলভেনেজুয়েলার এক রাজনীতিবিদ তাঁর নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যে অভিনব কৌশল হাতে নিয়েছেন। গুস্তাভো রোজাস নামের ওই রাজনীতিবিদ ছয় ডলারের র্যাফল ড্রয়ের টিকিট ছেড়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ড্রয়ে বিজয়ী বিনা মূল্যে বক্ষের আকার বৃদ্ধির জন্য অস্ত্রোপচারের সুযোগ পাবেন। বিশ্লেষকেরা জানিয়েছেন, দেশটিতে প্রতিবছর ৩০ হাজার নারী এ ধরনের অস্ত্রোপচার করিয়ে থাকেন। ২৬ সেপ্টেম্বর ভেনেজুয়েলায় পার্লামেন্ট নির্বাচন হবে। বিবিসি।নাম পরিবর্তনচীনের হেইলংজিয়াং প্রদেশের সিচুয়ান শহরে গত মঙ্গলবার বিমান দুর্ঘটনায় ৪২ জন নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিমান কোম্পানির নাম বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে। সে দেশের হেনান প্রদেশের কর্তৃপক্ষ গত শুক্রবার এ নির্দেশ দেয়। গত বছরের নভেম্বরে কুনপেং এয়ারলাইনসের নাম পরিবর্তন করে হেনান এয়ারলাইনস রাখা হয়। এখন হেনান প্রদেশের সুনাম রক্ষায় কোম্পানিটিকে সাবেক নাম ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া। উপেক্ষার সাজাযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়ক উপাদান রপ্তানি করার দায়ে থাইল্যান্ডের এক নাগরিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিয়ামির ফেডারেল আদালত গত শুক্রবার এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ই-ল্যান চেন (৪০)। তাঁকে গত ফেব্রুয়ারিতে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্যসামগ্রী কিনে সেগুলো তাইয়ান ও হংকং হয়ে ইরানে রপ্তানি করতেন তিনি। রয়টার্স।