সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাদার স্মরণে মাদার তেরেসার জন্মশতবর্ষ উপলক্ষ্যে ভারত সরকার গত শনিবার তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে পাঁচ রুপি মূল্যমানের একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় রাজধানী দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই স্মারক মুদ্রা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। একই সঙ্গে প্রকাশ করেন তেরেসার ওপর একটি স্মারকগ্রন্থ। এরপর অর্থমন্ত্রী এই স্মারক মুদ্রা ও স্মারকগ্রন্থ তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের হাতে। কলকাতা প্রতিনিধি।মাওবাদীদের হামলাছত্তিশগড়ে ফের মাওবাদী হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এর মধ্যে তিনজন বিএসএফ জওয়ান ও দুজন পুলিশ সদস্য। গতকাল রোববার সকালে ছত্তিশগড়ের কাংকের জেলার দুর্গকোন্ডাল থানার ভুসকি গ্রামে যৌথ বাহিনীর একটি টহল দলের ওপরওত পেতে থাকা মাওবাদীরা অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছে একজন পুলিশ। কাংকেরের পুলিশ সুপার অজয় যাদব জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। কলকাতা প্রতিনিধি।ব্লেয়ারের বাড়িমেয়ে ক্যাথরিনের জন্য প্রায় এক মিলিয়ন পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ২২ বছর বয়সী ক্যাথরিন আইনে পড়াশোনা করছেন। এটি নিয়ে ব্লেয়ারের বাড়ির সংখ্যা ৯। নতুন বাড়িটিতে শয়নকক্ষ আছে তিনটি, দুটি স্নানাগার, একটি গ্যারেজ এবং নিজস্ব একটি লিফট। বাড়িটি ব্লেয়ার ও শেরি ব্লেয়ারের নিজেদের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটাপথ। ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন দেশের জন্য পরামর্শক হিসেবে কাজ করে বিপুল অর্থ আয় করছেন ব্লেয়ার। টেলিগ্রাফ।রুয়ান্ডার হুমকিজাতিসংঘের শান্তি মিশন থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার হুমকি দিয়েছে রুয়ান্ডা। রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিওয়াবো জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, কঙ্গোয় রুয়ান্ডার সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা যে প্রতিবেদনের খসড়া তৈরি করেছে, তা ভিত্তিহীন। এ প্রতিবেদনকে মিথ্যা দাবি করে লুইস মুশিকিওয়াবো বলেছেন, এটা যদি প্রকাশ করা হয়, তাহলে তাঁরা শান্তি মিশন থেকে সেনা সরিয়ে আনবেন। বিবিসি অনলাইন।