সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কবিগুরু স্মরণেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া পাঁচ রুপি মূল্যের একটি মুদ্রা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই মুদ্রায় কবিগুরুর প্রতিকৃতি থাকবে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রিজার্ভ ব্যাংক জানায়, শিগগির বাজারে ছাড়া হচ্ছে এই মুদ্রা। গোলাকার এই মুদ্রার ব্যাস হবে ২৩ মিলিমিটার। কলকাতা প্রতিনিধি।হামলার হুমকিসীমান্ত এলাকায় প্রচারণা চালানোর অভিযোগ এনে দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে পাঠানো এক বার্তায় দেশটি ওই হুমকি দেয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি বার্তা সংস্থা জানায়, দক্ষিণ কোরিয়ার প্রচারণার কেন্দ্রগুলোতে উত্তর কোরিয়া সরাসরি সামরিক হামলা চালাতে পারে। এএফপি।আট সেনা নিহতআফগানিস্তানে গতকাল বৃহস্পতিবার কয়েকটি জঙ্গি হামলায় আট বিদেশি সেনা নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএএসএফ) জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জঙ্গি হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে চার সেনা এবং পূর্বাঞ্চলে এক সেনা নিহত হয়েছেন। তবে আইএএসএফ ঘটনার বিস্তারিত কিছু জানায়নি। রয়টার্স।সোমালিয়ায় অপহরণসোমালিয়ায় বন্দুকধারীরা যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে অপহরণ করেছে। অপহূত ব্যক্তিদের একজন ব্রিটিশ ও অপরজন জিম্বাবুয়ের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার সেভ দ্য চিলড্রেন জানায়, গত বৃহস্পতিবার রাতে ভারী অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করা হয়। অপহূত ব্যক্তিদের আল-কায়েদা-সংশ্লিষ্ট আল-শাবাব বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি অঞ্চলে নিয়ে যাওয়া হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। এএফপি।বাঘের আক্রমণেচীনের দক্ষিণাঞ্চলীয় সেনজেন শহরের একটি চিড়িয়াখানায় পাঁচটি বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। ওই ব্যক্তির নাম শেং জিনহুয়া। বয়স ৫৪ বছর। তিনি চিড়িয়াখানায় মালির কাজ করতেন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সেনজেন সাফারি পার্কে ওই ঘটনা ঘটে। এএফপি।প্রকল্প বাতিলজাপানের সবচেয়ে বড় তেল অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইনপেক্স করপোরেশন ইরানের আজাদেগান তেলক্ষেত্র প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গতকাল শুক্রবার ইনপেক্স করপোরেশন জানায়, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের আয়ে তেমন কোনো প্রভাব ফেলবে না। প্রতিষ্ঠানটি ওই প্রকল্পে এক হাজার ২৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। রয়টার্স।