সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
‘মাইকেল’-এর মুক্তিপ্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের নতুন অ্যালবাম ‘মাইকেল’ আগামী মাসে বাজারে আসছে। নতুন এ অ্যালবামের গানগুলো সম্পূর্ণ নতুন। এ গানগুলো আগে কেউ কখনো শোনেনি। মাইকেল জ্যাকসনের গানের রেকর্ড কোম্পানি ‘এপিক’ এ কথা জানায়। জ্যাকসনের ওয়েবসাইটে এক বিবৃতিতে এপিক জানায়, মাইকেল তাঁর নিউ জার্সিতে এক বন্ধুর বাসা ও লাস ভেগাস এবং লস অ্যাঞ্জেলেসের স্টুডিওতে গানগুলো ধারণ করেছেন। ওই গানগুলোই পপসম্রাট পুনরায় তাঁর ভক্তদের গান শোনার সুযোগ করে দিল। মাইকেল জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন মারা যান। এএফপি।অগ্নিকাণ্ডচীনে একটি বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৭ জন। চীনের উত্তরাঞ্চলের জিলিন প্রদেশের জিলিন শহরে গত শুক্রবার এ ঘটনা ঘটে। আগুন লাগার ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই বিপণিকেন্দ্রের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ১৯৮০ সালে নির্মিত ওই বিপণিকেন্দ্রটির বেশির ভাগ দোকানে কাপড় আর বৈদ্যুতিক সামগ্রী বিক্রি করা হতো। বিবিসি।ফের বন্যাভিয়েতনামের মধ্যবর্তী অঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ হয়েছে ছয়জন। কর্মকর্তারা গত শুক্রবার জানান, গত সপ্তাহে দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলের উপকূলীয় চারটি প্রদেশে প্রবল বৃষ্টিপাতে ৩৫ হাজার লোক ঘরছাড়া হয়। এ ছাড়া গত অক্টোবরে উত্তর-মধ্যাঞ্চলীয় কুয়াং বিন ও হা তিন প্রদেশে বন্যায় কমপক্ষে ১৩৮ জন মারা যায়। এএফপি।৩৬ ফ্লাইট বাতিলইন্দোনেশিয়ায় জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ১১টি বিমান সংস্থার ৩৬টি ফ্লাইট গতকাল শনিবার বাতিল করা হয়েছে। সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুদারিয়ানতো বলেন, মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। তিনি বলেন, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়া ও ছাই জাকার্তায় পৌঁছায়নি। তার পরও নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়। এএফপি।