সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বোমা বিস্ফোরণেভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে গতকাল রোববার একটি বোমার বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, গত শনিবার বিহারে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সন্ধ্যায় রাজধানী পাটনার ১৩০ কিলোমিটার দক্ষিণের আওরঙ্গবাদ নামক জায়গা থেকে মাওবাদীদের পেতে রাখা একটি বোমা উদ্ধার করা হয়। পরে নিষ্ক্রিয় করতে না পেরে পুলিশ বোমাটি একটি মাঠে রেখে যায়। গতকাল উৎসুক জনতা সেটি দেখতে মাঠে ভিড় জমায়। এ সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এএফপি।বাইডেনের আহ্বানমার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইরাকে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস পত্রিকার একটি নিবন্ধে বাইডেন লিখেছেন, ইরাকের নিরাপত্তা ও অগ্রগতির জন্য এখনো বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের উচিত, ইরাকের অগ্রগতির প্রক্রিয়া আরও জোরদার করা। এ জন্য যুক্তরাষ্ট্র ইরাক থেকে সরে যাচ্ছে না। বরং দেশটিতে সামরিক তৎপরতার পরিবর্তে বেসামরিক কর্মকাণ্ড বাড়ানো হচ্ছে। এএফপি।সরানোর নির্দেশশ্রীলঙ্কায় গত বছরের তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ এলাকা থেকে আন্তর্জাতিক রেডক্রসকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। জেনেভাভিত্তিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) গতকাল রোববার এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, উত্তরাঞ্চলীয় শহর জাফনা ও ভাভুনিয়া থেকে রেডক্রসের অফিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজধানী কলম্বো থেকে সংস্থার কার্যক্রম পরিচালনা করা যাবে। এএফপি।যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আবদুল্লাহসৌদি আরবের বাদশা আবদুল্লাহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি বেশ কয়েক দিন ধরে পিঠে ব্যথা অনুভব করছেন। কর্মকর্তারা জানান, আজ সোমবার বাদশাহ আবদুল্লাহর (৮৬) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা। তাঁর অবর্তমানে যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য আবদুল আজিজ গতকাল মরক্কো থেকে দেশে ফিরেছেন। এএফপি।