সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আটক ১১৮ব্রাজিলের রিও ডি জেনিরো নগরীতে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযানে ১১৮ জনকে আটক ও ৫১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এজেন্সিয়া ব্রাজিল গত শুক্রবার এ তথ্য জানায়। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল ও ২০১৬ সালের অলিম্পিক গেমস উপলক্ষে স্বাগতিক দেশ ব্রাজিল গত ২১ নভেম্বর থেকে ওই অভিযান শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাদক চোরাকারবারিদের আস্তানা হিসেবে পরিচিত একটি বস্তিতে ব্যাপক অভিযান চালায়। এ সপ্তাহে ওই অভিযান শেষ হয়। এএফপি। সফল অস্ত্রোপচার সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর মেরুদণ্ডে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফল হয়েছে। সৌদি সংবাদ সংস্থা এসপিএ রাজপরিবারের বরাত দিয়ে এক বিবৃতিতে জানায়, নিউইয়র্কের একটি হাসপাতালে বাদশাহ আবদুল্লাহর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাঁকে দ্বিতীয় দফায় ফিজিওথেরাপি দেওয়া হবে। গত মাসে ৮৬ বছর বয়সী বাদশাহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সেখাকার একটি হাসপাতালে প্রথম দফায় তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। এএফপি।