সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দেশপ্রেম দিবসভারতের স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আগামী ২৩ জানুয়ারি। দিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে সারা দেশে পালন করার ডাক দিয়েছে নেতাজির গড়া দল ফরোয়ার্ড ব্লক। দলটি কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে আরজি জানিয়েছে। ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর দুই দিনের বৈঠক শেষে গত বুধবার দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘এ লক্ষ্যে জেলায় জেলায় স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু হচ্ছে। আমরা এই দাবিতে প্রয়োজনে অবস্থান ধর্মঘটে যাব, আন্দোলন করে জেলে যাব; তবু আমরা এই দাবি থেকে সরে আসব না। তিনি আরও বলেন, ‘বহুদিন ধরে আমরা এই দাবি জানিয়ে এলেও কেন্দ্রীয় সরকার আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। এবার আমরা এই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।’ কলকাতা প্রতিনিধি।গ্রেপ্তারইরানে জঙ্গি সংগঠন আল-কায়েদার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম আজারবাইজান প্রদেশের সরদাস্ত শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার প্রেস টিভির এক খবরে এ কথা বলা হয়েছে। গত নভেম্বরে তাঁদের চিহ্নিত করার পর আদালত গ্রেপ্তারের নির্দেশ দেন। তবে কবে ও কখন তাঁদের গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার জঙ্গিরা কোন দেশের নাগরিক, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এএফপি।