সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হরিষে বিষাদখ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনের সময় দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় হুড়োহুড়িতে পায়ের নিচে পিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জোহানেসবার্গের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইপেলেগেং শহরে ওই ঘটনা ঘটে। জানা যায়, মাঝরাতে মারামারি শুরু হলে আতঙ্কে লোকজন পানশালা থেকে বের হওয়ার সময় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। নিহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পুলিশ জানায়, তারা ঘটনার কারণ তদন্ত করছে। বিবিসি।বেশি প্রাণহানিইরাকে গত বছর সহিংসতায় আগের বছরের তুলনায় বেশিসংখ্যক বেসামরিক লোক ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের প্রাণহানি হয়েছে। গত শনিবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়। পরিসংখ্যানে বলা হয়, ২০১০ সালে ইরাকে তিন হাজার ৬০৫ জন বেসামরিক লোক, পুলিশ ও সেনা কর্মকর্তার প্রাণহানি হয়েছে। এর আগে ২০০৯ সালে তিন হাজার ৪৮১ জন বেসামরিক লোক, পুলিশ ও সেনা কর্মকর্তার প্রাণহানি হয়েছিল। এএফপি।বিমান বিধ্বস্তরাশিয়ার সাইবেরিয়ায় একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন ধরে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গত শনিবারের ওই ঘটনায় তিনজন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন ছয়জন। বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিলেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। জরুরি সংস্থার মুখপাত্র ভাদিম গ্রেবেনিকভ বলেন, রানওয়ের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলার সময় একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে বিস্ফোরণ ঘটে। রাশিয়ার টেলিভিশনে প্রচারিত মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে বিমানটি জ্বলতে দেখা যায়। এপি।ইলেকট্রনিক সিগারেটইউরোপের ধূমপায়ীরা তামাকের সিগারেট ছেড়ে এখন ইলেকট্রনিক সিগারেটের দিকে ঝুঁকছেন। উৎপাদনকারী প্রতিষ্ঠান এডসিলভার বলেছে, ২০০৭ সালের পর থেকে বছরে এই সিগারেটের বিক্রি ৩০ শতাংশ করে বেড়েছে। এগুলো মিনি অ্যারোসলের মতো কাজ করে। এ থেকে কৃত্রিম ধোঁয়া বের হয়। এতে ধূমপায়ী চাইলে নিকোটিন রাখতে পারেন, না চাইলে নিকোটিন ছাড়াই ধূমপানের স্বাদ উপভোগ করতে পারেন। তাঁদের দাবি, এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ধূমপানে নিরুৎসাহিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এই সিগারেট। এএফপি।